নির্বাচনে ৩০ আসনে কারচুপির অভিযোগ, পুনর্গণনার দাবি জামায়াতের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ৩০টি আসনে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ওই আসনগুলোর ঘোষিত বিজয়ীদের শপথ গ্রহণ স্থগিত রাখারও আবেদন করেছে দলটি।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগগুলো তুলে ধরেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেন, নির্বাচনের বিভিন্ন পর্যায়ে কারচুপি ও জালিয়াতির ঘটনা ঘটেছে। বিশেষ করে ৩০টি আসনে চরম অনিয়ম ও অব্যবস্থাপনা লক্ষ্য করা গেছে। কিছু আসনে ফলাফল ঘোষণায় অস্বাভাবিক বিলম্ব এবং কোথাও পক্ষপাতমূলক আচরণের অভিযোগও তোলেন তিনি। এসব বিষয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের অবহিত করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। ইতোমধ্যে দলটি আইনি প্রক্রিয়া শুরু করেছে বলেও জানান।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, নির্বাচন-পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে দলটির নেতা-কর্মী, সমর্থক ও পোলিং এজেন্টদের ওপর হামলার ঘটনা ঘটছে। নারীদের ওপরও হামলার অভিযোগ তোলা হয়। কয়েকটি এলাকায় সহিংসতায় প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়।
দলের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল জানান, সংশ্লিষ্ট ৩০টি আসনে ৫ হাজার থেকে ১০ হাজার ভোটের ব্যবধানে ফল ঘোষণা করা হয়েছে এবং ইতোমধ্যে গেজেট প্রকাশিত হয়েছে। তবে ফলাফল স্থগিত রেখে পুনরায় ভোট গণনা এবং বিজয়ীদের শপথ গ্রহণ না করানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক আবেদন জানানো হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে