Views Bangladesh Logo

বগুড়ায় বিএনপি নেতার চোখ উপড়ে নিল জামায়াত, খবর পেয়ে মায়ের মৃত্যু

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মী-সমর্থকদের সংঘর্ষে গুরুতর আহত বিএনপি নেতা মাসুদ রানার একটি চোখ হারানোর আশঙ্কার খবরে তার মা হাজেরা বেগম (৬৭) স্ট্রোক করে মারা গেছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নন্দীগ্রাম উপজেলার নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।

পারিবারিক সূত্র জানায়, সংঘর্ষে আহত মাসুদ রানাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তার একটি চোখ হারানোর আশঙ্কার কথা জানান। ছেলের এই খবর শুনে হাজেরা বেগম মানসিকভাবে ভেঙে পড়েন। কিছুক্ষণ পর তিনি স্ট্রোকে আক্রান্ত হন এবং মারা যান।

এদিকে, উন্নত চিকিৎসার জন্য মাসুদ রানাকে ঢাকায় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বিএনপি নেতাকর্মীদের দাবি, সোমবার রাতে বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনে ভোট কেনার অভিযোগে দুই জামায়াত কর্মীকে আটক করার ঘটনাকে কেন্দ্র করে নন্দীগ্রাম উপজেলার পারশুন গ্রামে সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশের উপস্থিতির আগেই জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা মাসুদ রানার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

বগুড়া-৪ আসনের বিএনপি প্রার্থী মোশাররফ হোসেন অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলামী নেতাকর্মী ও সমর্থকরা মাসুদ রানার একটি চোখ উপড়ে ফেলেছে।

তবে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, কারও চোখ উপড়ে ফেলার বিষয়ে নিশ্চিত নই। এ বিষয়ে চিকিৎসকরাই বলতে পারবেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ