ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর কর্মীদের বিরুদ্ধে। এতে দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশির গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) সকালে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকায় মিছিলের আয়োজন করে জামায়াতে ইসলামীর ধানমন্ডি জোন। মিছিলের পর ব্রিফিং চলাকালে কয়েকজন জামায়াত কর্মী এক সাংবাদিককে ‘আওয়ামী লীগের দোসর’ বলে আখ্যা দেন। সাংবাদিকরা এই মন্তব্যের প্রতিবাদ করলে কথা কাটাকাটি শুরু হয়, যা পরে সংঘাতে রূপ নেয়।
তারা আরও জানান, জামায়াত কর্মীরা শিশিরের কলার ধরে তাকে ঘুষি মারেন এবং তিনি রাস্তায় পড়ে গেলে কয়েকজন তাকে লাথিও মারেন।
এ বিষয়ে নিপীড়নের শিকার সাংবাদিক মাহফুজুর রহমান শিশির বলেন, জামায়াত কর্মীরা মারধর করে আমাকে আহত করেছেন, এটা লজ্জার।
জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি আরও বলেন, আপনারা (জামায়াতে ইসলামী) তো সংবাদপত্রের স্বাধীনতার কথা বলেন। একজন সাংবাদিকের কলার ধরা আর তাকে মারধর করা কি আপনাদের সেই স্বাধীনতার নমুনা?
এ ব্যাপারে জানতে চাইলে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন ঘটনাটিকে দুঃখজনক বলে অভিহিত করেন। তিনি বলেন, আমরা সাংবাদিকদের প্রতি কোনো ধরনের অসদাচরণ সমর্থন করি না।
মতামত দিন