শরীয়তপুরে ৭ লাখ টাকা-ভোটার তালিকাসহ জামায়াত কর্মী আটক
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় অভিযান চালিয়ে ৭ লাখ ২০ হাজার টাকা, একটি ল্যাপটপ, ভোটার তালিকা ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ একজন জামায়াত কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। এ অভিযান বুধবার বিকেলে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকায় মাস্টার গোলাম মোস্তফার (৫০) বাড়িতে চালানো হয়।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানিয়েছেন, আটক ব্যক্তি স্থানীয় জামায়াত কর্মী।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগদ অর্থসহ তাকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা দেন।
আইনশৃঙ্খলা সূত্রে জানা গেছে, অভিযানের সময় ওই বাড়ি থেকে প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা, একটি ল্যাপটপ, খালি খাম ও জামায়াত প্রার্থীর নির্বাচনী লিফলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আলামতগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
এ বিষয়ে জেলা জামায়াতের নায়েবে আমির কেএম মব্বুল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে