রাজশাহীতে ‘মব’ করে জমি দখলের অভিযোগ জামায়াত কর্মীর বিরুদ্ধে
রাজশাহী নগরের মতিহার থানা এলাকায় জামায়াতের এক কর্মীর বিরুদ্ধে ‘মব’ করে জমি দখলের অভিযোগ উঠেছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের কর্মচারী খলিলুর রহমানের মেয়ে খাদিজা ইয়াসমিন খুশি বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ২৬ মার্চ নজির আলী, রজব আলী ও মিলন আলী তাঁদের বাড়ি ও দোকান ঘরে দখলের চেষ্টা চালান।
খাদিজা জানান, হামলার সময় তাদের আট ঘণ্টা ধরে অবরুদ্ধ রাখা হয়। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ তাদের উদ্ধার করে। তবে তিনি অভিযোগ করেন, পুলিশ অভিযোগের পরও কোনো ব্যবস্থা নেয়নি এবং লিখিত অভিযোগ নথিভুক্ত হয়নি।
মতিহার থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ঘটনাস্থলে গিয়ে উজিরের লোকজনকে সরিয়ে দেয়া হয়েছে এবং অভিযোগটি এখন তদন্তাধীন।
খাদিজা আরও বলেন, ঘটনার পর থেকে তাদের বাড়ি ও দোকানঘরে আগুন দেওয়ার এবং প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। এই চাপের কারণে খলিলুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযোগপ্রাপ্ত জামায়াত কর্মী উজির আলী বলেন, তারা কারো জমি দখল করেননি এবং জমি তাদের পৈতৃক সূত্রে প্রাপ্ত।
তিনি ঘটনার দিন সেখানে উপস্থিত ছিলেন না দাবি করে বলেন, খলিলুর ছেলে কাওসারের সঙ্গে ঝামেলা মীমাংসা করা হয়েছে।
জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে খাদিজা বলেন, ক্রয়কৃত জমির ৬ শতক রেজিস্ট্রি হয়নি, তবে দলিলে ‘বে-দাবি’ হিসেবে উল্লেখ রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে