Views Bangladesh Logo

খলিলুর রহমানকে জয়শঙ্করের শুভেচ্ছা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এই শুভেচ্ছা জানান।

পোস্টে জয়শঙ্কর লেখেন, 'জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন। আমাদের অভিন্ন অগ্রাধিকার বাস্তবায়ন ও বহুপাক্ষিক সহযোগিতা জোরদারে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা রইল।'

মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে আনুষ্ঠানিক ভোট গ্রহণ শেষে এই ফল ঘোষণা করা হয়। নির্বাচনে জাতিসংঘের সদস্য ১৯০টি দেশ ভোট দেয়। এর মধ্যে খলিলুর রহমান ৯৯টি দেশের সমর্থন পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের বহুপাক্ষিকতাবিষয়ক বিশেষ দূত রাষ্ট্রদূত আন্দ্রেয়াস কাকুরিস পান ৯১টি ভোট।

প্রতিষ্ঠিত আঞ্চলিক আবর্তন নিয়ম অনুযায়ী, এবারের অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার কথা ছিল এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে। নবনির্বাচিত সভাপতি হিসেবে খলিলুর রহমান আগামী এক বছর সাধারণ পরিষদের দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমান সভাপতি ও জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ১৯৮৬ সালে জাতিসংঘের ৪১তম অধিবেশনে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। সেই হিসেবে খলিলুর রহমান এ পদে বসা দ্বিতীয় বাংলাদেশি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ