Views Bangladesh Logo

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্কের ব্যাপারে আত্মবিশ্বাসী জয়শঙ্কর

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে ভারতের সম্পর্ক ইতিবাচক ও গঠনমূলক থাকবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

এশিয়াটিক সোসাইটি ও নিউ ইয়র্কের এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট ‘ইন্ডিয়া, এশিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড’ নামে এক আলোচনা সভার আয়োজন করে। সেখানে অংশ নিয়ে এস জয়শঙ্কর এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘সম্পর্ক নিয়ে আগাম কোনো সিদ্ধান্তে উপনীত না হওয়ার অনুরোধ সবাইকে করব। বিষয়টা এমন নয় যে ভারত তার সব প্রতিবেশী দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চাইছে। এভাবে চলেও না। এমনটা হয়ও না। এটা শুধু আমাদের (ভারত) নয়, সবার জন্য সমান সত্য।’

বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে নিঃশর্তে সহায়তা করেছে ভারত। সম্প্রতি দুই দেশে সরকার পরিবর্তনের বিষয়টি নয়াদিল্লির জন্য বৈরী পরিবেশ সৃষ্টি করেছে— এমন মন্তব্যের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

জয়শঙ্কর বলেন, ‘দিন শেষে, প্রতিটি প্রতিবেশীর নিজস্বতা থাকে। আমাদের জন্য সবচেয়ে ভালো হবে তাদের নিজস্বতা তারা অনুসরণ করুক। এটা বলা আমাদের উদ্দেশ্য নয়। আমি মনে করি, বাস্তবে সবাই নিজের সিদ্ধান্ত নিজেই নেন। দেশগুলো সে অনুযায়ী একে অপরের সঙ্গে মানিয়ে চলতে শিখে নেয়।’

২০২২ সালে অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কাকে দেওয়া বেল-আউটের কথা উল্লেখ করে ভারতের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত শ্রীলঙ্কাকে যে প্রায় ৪.৫ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সহায়তা দিয়েছে তা কোনও শর্তসাপেক্ষে দেওয়া হয়নি।

পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, ‘কয়েক বছর অন্তর আমাদের এই অঞ্চলে কিছু না কিছু ঘটে থাকে। তখন মনে হয় যা–ই ঘটছে, তা অলঙ্ঘনীয়। অথচ দেখা যায়, পরিবর্তন এল। শোধরানোর পালা শুরু হলো। নতুন কিছু ঘটল। এই আলোতেই আমি বর্তমান ঘটনাবলি দেখি। আমি দৃঢ় নিশ্চিত, দুই ক্ষেত্রেই (বাংলাদেশ ও শ্রীলঙ্কা) আমাদের সম্পর্ক এগিয়ে যাবে ইতিবাচক ও গঠনমূলকভাবে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ