Views Bangladesh Logo

দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বেশি বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার চেয়ে প্রায় ১.৭ গুণ বেশি বন্দি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে কুমিল্লা–৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাতের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ৭ জুনের হিসাব অনুযায়ী দেশের ৭৫টি কারাগারে অনুমোদিত ধারণক্ষমতা ৪৫ হাজার ১৩৬ জন। এর বিপরীতে বর্তমানে বন্দির সংখ্যা ৭৬ হাজার ১১৩ জন। এর মধ্যে পুরুষ ৭৪ হাজার ৩৬ জন এবং নারী ২ হাজার ৭৭ জন।

তিনি জানান, অতিরিক্ত বন্দির কারণে কিছু কারাগারে আবাসন সংকট তৈরি হয়েছে। এ সমস্যা মোকাবিলায় ইতোমধ্যে কেরানীগঞ্জে বিশেষ কেন্দ্রীয় কারাগার, সিলেট কেন্দ্রীয় কারাগার–২, ফেনী জেলা কারাগার–২ এবং খুলনা জেলা কারাগার–২ চালু করা হয়েছে।

এছাড়া কিশোরগঞ্জ, মাদারীপুর ও পিরোজপুরে নতুন জেলা কারাগার শিগগিরই চালু করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে ময়মনসিংহ, কুমিল্লা, জামালপুরে কারাগার পুনর্নির্মাণ এবং নরসিংদীতে নতুন কারাগার নির্মাণ কাজ চলমান রয়েছে। এসব প্রকল্প সম্পন্ন হলে মোট ধারণক্ষমতা প্রায় ৪৮ হাজার ৯১ জনে উন্নীত হবে।

রাজশাহী, রংপুর, নোয়াখালী, রাঙামাটি ও খাগড়াছড়িতে আরও কয়েকটি কারাগার পুনর্নির্মাণ প্রকল্প নেওয়া হয়েছে বলেও সংসদে জানান তিনি।

মাদকবিরোধী কার্যক্রমের বিষয়ে মন্ত্রী বলেন, সরকারের জিরো টলারেন্স নীতির আওতায় দেশব্যাপী নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কর্মপরিকল্পনা অনুযায়ী ২০২৬–২০২৭ অর্থবছরের প্রথম ৬০ দিনে বিশেষ অভিযান চালানোর প্রস্তুতি রয়েছে।

তিনি জানান, ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত সারাদেশে ৩০ হাজার ৭৪৪টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ৯ হাজার ২৫১টি মামলা দায়ের এবং ৯ হাজার ৬৮৫ জন মাদক চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে।

মন্ত্রী বলেন, মাদকের বিস্তার রোধে উপজেলা ও জেলা পর্যায়ে তালিকা হালনাগাদ করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত সমন্বিত অভিযান চালাচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আরও শক্তিশালী করার উদ্যোগও নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যার বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং মানবাধিকারের লঙ্ঘন। বিষয়টি বিজিবি–বিএসএফ যৌথ বৈঠকে নিয়মিতভাবে উত্থাপন করা হচ্ছে।

তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত বিএসএফের পুশইন করা ২ হাজার ৩৬৯ জনের মধ্যে ২ হাজার ১৭৫ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে, ১৮৩ জনকে পুশব্যাক করা হয়েছে এবং ১১ জনকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়া সীমান্তে অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান রোধে কাঁটাতারের বেড়া নির্মাণসহ বিভিন্ন নিরাপত্তা উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

ঢাকা মেট্রোপলিটন এলাকায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সাইবার ইউনিট ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলেও সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ