বদলে যাচ্ছে বাংলাদেশ জেলের নাম
কারা ব্যবস্থাপনায় আধুনিকায়নের অংশ হিসেবে বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কাস্টোডিয়াল অ্যান্ড কারেকশন সার্ভিস’ করার উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার কারা অধিদপ্তর আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন।
তিনি বলেন, বর্তমান সময়ের প্রয়োজন ও আধুনিক কারা ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্য রেখে কারা বিভাগের আইন ও বিধিবিধান যুগোপযোগী করার কাজ চলছে। এ লক্ষ্যে ‘কাস্টোডিয়াল অ্যান্ড কারেকশন সার্ভিস’-এর একটি খসড়াও তৈরি করে অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।
কারা মহাপরিদর্শক জানান, ২০২৪ সালের ৫ আগস্টের আগে-পরে দেশের কয়েকটি কারাগারে হামলা, ভাঙচুর ও বিদ্রোহের ঘটনায় পাঁচটি কারাগার থেকে ২ হাজার ২৪৭ বন্দি পালিয়ে যায়। এর মধ্যে নরসিংদী কারাগার থেকেই পালায় ৮২৬ জন।
কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পলাতকদের মধ্যে ৬৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো শনাক্ত করা যায়নি ১৬৬ জনকে। পলাতক বন্দিদের পাশাপাশি দীর্ঘদিনের জনবল সংকটও কারাগারের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ বলে জানান তিনি। এ সংকট মোকাবিলায় নতুন করে প্রায় ১ হাজার ৮৯৯টি পদ অনুমোদন করা হয়েছে।
কারাগারে বন্দি আওয়ামী লীগের নেতা–নেত্রীদের বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কোনো বন্দিকেই আলাদাভাবে সুবিধা দেওয়া হচ্ছে না। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে ছাড় দেওয়া হচ্ছে না।
মতামত দিন