জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্যকে অব্যাহতি, নতুন নিয়োগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষা শাখায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। বিদ্যমান দুই উপ-উপাচার্যকে (প্রো-ভিসি) অব্যাহতি দিয়ে নতুন দুজন অধ্যাপককে দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (৬ জুন) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা চারটি পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, শিক্ষা বিষয়ক উপ-উপাচার্য ড. এম. মাহফুজুর রহমান এবং প্রশাসন বিষয়ক উপ-উপাচার্য ড. সোহেল আহমেদকে নিজ নিজ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতির পর ড. মাহফুজুর রহমান বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে এবং ড. সোহেল আহমেদ বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করবেন।
শূন্য হওয়া পদে নতুন নিয়োগ পেয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল আলম এবং গণিত বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নজবুল ইসলাম।
নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে ড. শামসুল আলম শিক্ষা বিষয়ক উপ-উপাচার্য এবং ড. নজবুল ইসলাম প্রশাসন বিষয়ক উপ-উপাচার্যের দায়িত্ব পালন করবেন।
নিয়োগের শর্ত অনুযায়ী, তারা যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরে যাওয়ার পূর্ব পর্যন্ত—যেটি আগে হবে—সেই সময় পর্যন্ত দায়িত্বে থাকবেন। দায়িত্ব পালনকালে তারা তাদের বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তাদের সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। এই পরিবর্তনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে