Views Bangladesh Logo

বিএমডিএ’র নির্বাহী পরিচালক হিসেবে যোগদান করলেন মো. জাহাঙ্গীর আলম খান

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন মো. জাহাঙ্গীর আলম খান।


সোমবার (১৭ আগস্ট) রাজশাহীতে সংস্থাটির প্রধান কার্যালয়ে তিনি যোগদান করেন। বিএমডিএর জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ১ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মো. জাহাঙ্গীর আলম খানকে বিএমডিএর নির্বাহী পরিচালক (গ্রেড-২) পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষর করেন।

পরে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব তাহমিনা সুলতানার স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে গত ১২ আগস্ট তাঁর যোগদানের বিষয়টি চূড়ান্ত হয়। প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, বিএমডিএ আইন, ২০১৮-এর ১৪(২) ধারা অনুসারে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনকালে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক রাখা যাবে না। তাঁর নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রে নির্ধারণ করা হবে।

দায়িত্ব গ্রহণের পর বিএমডিএর প্রয়াত প্রতিষ্ঠাতা, সাবেক নির্বাহী পরিচালক ও চেয়ারম্যান ডা. এম আসাদুজ্জামানের কবর জিয়ারত করেন নবনিযুক্ত নির্বাহী পরিচালক। এ সময় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং বিএমডিএর উন্নতি ও সাফল্যের জন্য দোয়া করেন। তাঁর এই শ্রদ্ধা নিবেদনকে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা স্বাগত জানিয়েছেন।

এদিকে জাহাঙ্গীর আলম খানের যোগদানে বিএমডিএর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটির জনসংযোগ শাখা। বিশেষ করে মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এ নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংস্থার কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন তাঁরা।

বিএমডিএর কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যাশা, জাহাঙ্গীর আলম খানের প্রশাসনিক অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতা কাজে লাগিয়ে বরেন্দ্র অঞ্চলের সেচব্যবস্থার আধুনিকায়ন, পানি ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়নে নতুন গতি আসবে। পাশাপাশি টেকসই অবকাঠামো উন্নয়নেও সংস্থার কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে বিএমডিএর প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট বিভিন্ন মহলের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ