জাতীয় দলে ফিরতে জাহানারার আবেদন, বিসিবি দিল শর্ত
প্রায় দুই বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম জাতীয় দলে ফিরতে আবেদন করেছেন।
মানসিক স্বাস্থ্যগত কারণে দল থেকে সরে দাঁড়ানোর পর এবার নতুন বোর্ডের কাছে আনুষ্ঠানিকভাবে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন তিনি। তবে বিসিবি জানিয়েছে, জাতীয় দলে ফিরতে হলে তাকে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ফিটনেস ও ঘরোয়া ক্রিকেটে নিজের সক্ষমতা প্রমাণ করতে হবে।
গত বছরের ডিসেম্বরে জাহানারা অভিযোগ আনেন, দলে থাকাকালীন মানসিক ও যৌন হেনস্থার শিকার হয়েছিলেন। সেই ঘটনার প্রায় এক বছরের মাথায় এবার তিনি নতুন বোর্ডের কাছে জাতীয় দলে প্রত্যাবর্তনের ইচ্ছা ব্যক্ত করলেন।
এর আগে, মানসিক স্বাস্থ্যের সমস্যার কথা উল্লেখ করে তিনি জাতীয় দল থেকে নিজেকে গুটিয়ে নেন এবং অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়ে সেখানে ক্লাব পর্যায়ের ক্রিকেট খেলতে থাকেন। প্রায় দুই বছর আগে সর্বশেষ বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি।
এ বিষয়ে বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু জানান, জাহানারা বেশ কিছুদিন আগেই বোর্ডকে তার ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন। তিনি বলেন, 'দেশের হয়ে আবার খেলার আগ্রহ তার রয়েছে। তবে জাতীয় দলে ফিরতে হলে সাধারণ যে প্রক্রিয়া রয়েছে, তা অনুসরণ করতে হবে। প্রথমে ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে, ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এরপর নিয়মিত ভালো পারফরম্যান্স দেখাতে হবে। এরপর নির্বাচকরা সিদ্ধান্ত নেবেন।'
নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ বলেন, 'দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকায় তাকে অবশ্যই ফিটনেস পরীক্ষা দিতে হবে। এরপর ঘরোয়া ক্রিকেটে তার স্কিল ও সামগ্রিক পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। ভালো করলে অবশ্যই বিবেচনায় নেওয়া হবে।'
মতামত দিন