অর্থ পাচার মামলায় অভিযুক্ত জ্যাকুলিন ফার্নান্দেজ
২০০ কোটি রুপির অর্থ পাচার ও চাঁদাবাজি মামলায় বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন দিল্লির একটি আদালত। দীর্ঘদিন ধরে নিজেকে এই মামলার ভুক্তভোগী দাবি করে আসলেও সেই অবস্থান এখন বড় ধাক্কা খেয়েছে।
গত শনিবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত সেশন বিচারক প্রশান্ত শর্মা প্রতারক সুকেশ চন্দ্রশেখরসহ সংশ্লিষ্ট অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দেন। সেই তালিকায় রয়েছেন জ্যাকুলিনও।
আদালত পর্যবেক্ষণে জানান, সুকেশের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে জানার পরও জ্যাকুলিন তার কাছ থেকে কোটি কোটি রুপির বিলাসবহুল উপহার গ্রহণ করেছিলেন বলে প্রাথমিকভাবে সন্দেহ করার যথেষ্ট ভিত্তি রয়েছে। আদালতের নথি অনুযায়ী, জ্যাকুলিন প্রায় ৫ কোটি ৭১ লাখ রুপির উপহার গ্রহণ করেছিলেন। এ ছাড়া সুকেশ তার বোনের বিদেশি ব্যাংক হিসাবে প্রায় ১ লাখ ৭২ হাজার মার্কিন ডলার এবং ভাইয়ের হিসাবে প্রায় ২৬ হাজার অস্ট্রেলীয় ডলার পাঠিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে।
তদন্তকারীদের দাবি, সুকেশের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার একাধিক সংবাদ প্রতিবেদন জ্যাকুলিনকে পাঠানো হয়েছিল। সেসব জানার পরও তিনি উপহার ও আর্থিক সুবিধা গ্রহণ অব্যাহত রেখেছিলেন।
উল্লেখ্য, অভিযোগ গঠন মানেই দোষী সাব্যস্ত হওয়া নয়। তবে আদালত বিচার কার্যক্রম এগিয়ে নেওয়ার মতো পর্যাপ্ত প্রাথমিক ভিত্তি পেয়েছেন বলে মনে করছেন, যা এই মামলায় জ্যাকুলিনের আইনি লড়াইকে আরও কঠিন করে তুলতে পারে। হিন্দুস্তান টাইমস

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে