Views Bangladesh Logo

জ্যাকসের অলরাউন্ড নৈপুণ্যে শ্রীলঙ্কাকে প্রথম ওয়ানডেতে হারাল ইংল্যান্ড

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ব্যাট হাতে কাজের কাজ করার পর বল হাতে লঙ্কান ব্যাটিং অর্ডারে ধস নামালেন উইল জ্যাকস। তার নান্দনিক অলরাউন্ড নৈপুণ্যে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৮৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) চেস্টার-লে-স্ট্রিটে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক ইংল্যান্ড। তবে সূচনাটা খুব একটা ভালো হয়নি; দলীয় তৃতীয় ওভারেই মাত্র ১০ রান করে বিদায় নেন টম ব্যানটন। এরপর আরেক ওপেনার বেন ডাকেটের ৩২ এবং জো রুটের ৪৪ রানের ওপর ভর করে প্রাথমিক বিপর্যয় সামাল দেয় ইংলিশরা। এই ইনিংস খেলার পথেই আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ২৩ হাজার রানের এক মাইলফলক স্পর্শ করেন জো রুট। পরবর্তীতে অধিনায়ক হ্যারি ব্রুকের সর্বোচ্চ ৬৭ এবং জস বাটলারের গুরুত্বপূর্ণ ৩১ রানের সঙ্গে জ্যাকসের ৪৭ বলে অপরাজিত ৪৬ রানের ওপর ভর করে ৪৮.১ ওভারে ২৬৫ রানে অলআউট হয় স্বাগতিকরা।

শ্রীলঙ্কার পক্ষে অভিষিক্ত লেগ স্পিনার সাচিন্দু কলম্বাগে ৪৪ রানে ৩টি এবং পেসার আসিথা ফার্নান্দো ৫৩ রানে ৩টি উইকেট নেন। এছাড়া দিলশান মাদুশঙ্কা, দুষ্মন্ত চামিরা ও দুনিথ ভেল্লালাগে একটি করে উইকেট শিকার করেন।

২৬৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে লঙ্কানদের শুরুটাও ছিল মন্থর। দলীয় ২৭ রানে কামিন্দু মেন্ডিস আউট হলেও অন্য ওপেনার পাথুম নিসাঙ্কা ২৭ এবং কুশল মেন্ডিস ৪২ রান করে প্রাথমিক ধাক্কা সামাল দেন। একপর্যায়ে ২০ ওভারে ২ উইকেটে ৮৪ রান তুলে ফেলেছিল সফরকারীরা। তবে সেখান থেকেই জেমি ওভারটনের জোড়া আঘাতে ধস নামতে শুরু করে শ্রীলঙ্কা শিবিরে।

পরবর্তীতে উইল জ্যাকসের দুর্দান্ত বোলিং স্পেলের সামনে পুরোদমে দিশেহারা হয়ে পড়ে শ্রীলঙ্কার ব্যাটাররা। মাত্র ৭ ওভারে ২২ রান খরচায় ৫টি উইকেট তুলে নিয়ে ওয়ানডে ক্যারিয়ারে নিজের প্রথম পাঁচ উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করেন তিনি। একপ্রান্তে দুনিথ ভেল্লালাগে ৩৬ বলে ৪৫ রানের এক লড়াকু ইনিংস খেলে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও অপরপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। শেষ পর্যন্ত ৩৭ ওভারে মাত্র ১৭৬ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।

ইংল্যান্ডের হয়ে স্পিনার জ্যাকসের পাঁচ উইকেটের পাশাপাশি পেসার ওভারটন নেন ২টি উইকেট। ব্যাট ও বল হাতে ম্যাচের মোড় ঘুরানো অনন্য পারফরম্যান্সের কারণে ম্যাচসেরার পুরস্কার ওঠে উইল জ্যাকসের হাতে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ