টানা তিন ম্যাচে ১০৯ রান, লিস্ট 'এ' ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জ্যাক লিবি
লিস্ট 'এ' ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ ব্যাটিং গড়ের রেকর্ড এখন আর ভারতীয় তারকা রুতুরাজ গায়কোয়াড়ের দখলে নেই। তার এই কীর্তি ভেঙে নতুন করে ইতিহাস গড়েছেন ইংল্যান্ডের ব্যাটার জ্যাক লিবি। ইংলিশ ওয়ানডে কাপের চলতি আসরে টানা তিন ম্যাচে অবিশ্বাস্যভাবে সমান ১০৯ রান করেছেন তিনি, যার সুবাদে এই সংস্করণে তার ব্যাটিং গড় এখন দাঁড়িয়েছে ৬১ দশমিক ৪-এ।
অথচ ওয়ানডে কাপের এবারের আসরে শুরুটা মোটেও ভালো হয়নি ওর্কেস্টারশায়ারের ৩৩ বছর বয়সী এই ব্যাটারের। প্রথম তিন ম্যাচে যথাক্রমে ২, ২৫ ও ১২ রান করেই আউট হয়ে গিয়েছিলেন তিনি। তবে এরপরের তিন ইনিংসেই যেন অন্য এক লিবিকে দেখল ক্রিকেট বিশ্ব। মিডলসেক্সের বিপক্ষে ২৯৪ রানের লক্ষ্য তাড়ায় অপরাজিত ১০৯ রানের ইনিংস দিয়ে শুরু, এরপর এসেক্সের বিপক্ষে ১০০ বলে ঠিক ১০৯ রান করেন তিনি; যদিও সেদিন ৩৭৭ রানের লক্ষ্যে দল থেমে যায় ২৬৯ রানেই।
সবশেষ গত ৭ আগস্ট সাসেক্সের বিপক্ষে আরেকটি স্মরণীয় ইনিংস উপহার দেন লিবি। ৩৩৪ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে ৯৬ বলে অপরাজিত ১০৯ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। এই জয়ের মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো ঠিক ১০৯ রানে অপরাজিত বা আউট হওয়ার এক বিরল কীর্তি গড়েন লিবি, যা তাকে এনে দিয়েছে লিস্ট 'এ' ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটিং গড়ের মুকুট।
পরিসংখ্যান বলছে, ৫৬ ম্যাচের লিস্ট 'এ' ক্যারিয়ারে এটি লিবির ষষ্ঠ সেঞ্চুরি, সঙ্গে রয়েছে ১৮টি ফিফটি এবং মোট ২ হাজার ৪৫৬ রান। কমপক্ষে ৫০ ইনিংস খেলা ব্যাটসম্যানদের মধ্যে তার এই ৬১ দশমিক ৪ গড় এখন পর্যন্ত সর্বোচ্চ, যা পেছনে ফেলেছে ১০০ ইনিংসে ৫৮ দশমিক ৬১ গড় নিয়ে থাকা রুতুরাজ গায়কোয়াড়কে। তালিকায় রুতুরাজের পরের অবস্থানগুলোতে রয়েছেন যথাক্রমে স্যাম হেইন (৫৮.১৮), মাইকেল বেভান (৫৭.৮৬), বিরাট কোহলি (৫৭.৮) এবং চেতেশ্বর পূজারা (৫৭.০১)।
দলীয়ভাবেও ভালো অবস্থানে রয়েছে ওর্কেস্টারশায়ার। ওয়ানডে কাপের 'বি' গ্রুপে এখন পর্যন্ত ৬ ম্যাচের মধ্যে ৪টিতে জয় পেয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে দলটি। অধিনায়ক হিসেবে লিবির এই অসাধারণ ফর্ম দলের নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনাকেও যথেষ্ট উজ্জ্বল করে তুলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
মতামত দিন