Views Bangladesh Logo

‘মাইকেল’-এর পর নতুন সিনেমায় জাফর জ্যাকসন

মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক আলোচিত বায়োপিক ‘মাইকেল’ দিয়ে অভিনয়ে অভিষেকের পর এবার দ্বিতীয় সিনেমায় নাম লিখিয়েছেন জাফর জ্যাকসন। তিনি অভিনয় করবেন আমাজন এমজিএম স্টুডিওস ও মিরাম্যাক্সের নতুন অ্যাকশন-থ্রিলার ‘সুপারম্যাক্স’-এ। সিনেমাটিতে তাঁর সঙ্গে থাকছেন অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথ এবং অভিনেত্রী অ্যানাসোফিয়া রব।

বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম ডেডলাইন জানিয়েছে, বিশ্বের অন্যতম সুরক্ষিত একটি কারাগারে সংঘটিত রহস্যজনক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘সুপারম্যাক্স’। গল্পে এফবিআইয়ের দুই এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন উইল স্মিথ ও অ্যানাসোফিয়া রব। তারা ওই হত্যাকাণ্ডের তদন্তে নেমে এক জটিল রহস্যের মুখোমুখি হবেন।

জাফর জ্যাকসনের চরিত্র সম্পর্কে বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। তবে নির্মাতারা জানিয়েছেন, সিনেমার রহস্য উন্মোচন ও কাহিনির অগ্রগতিতে তাঁর চরিত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সিনেমাটি পরিচালনা করছেন ডেভিড গর্ডন গ্রিন, যিনি হ্যালোইন ও দ্য এক্সোরসিস্ট: বিলিভার নির্মাণের জন্য পরিচিত। চিত্রনাট্য লিখেছেন হান্টার্স ও ইনভেশন সিরিজের লেখক ডেভিড ওয়াইল ও ডেভিড জে. রোসেন। ‘সুপারম্যাক্স’ প্রেক্ষাগৃহে নয়, সরাসরি প্রাইম ভিডিওতে মুক্তি পাবে।

জাফর জ্যাকসন পপসম্রাট মাইকেল জ্যাকসনের ভাই জার্মেইন জ্যাকসনের ছেলে। ১২ বছর বয়সে গান ও পিয়ানো শেখা শুরু করেন তিনি। ২০১৯ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম একক গান ‘গট মি সিংইং’। পরিচালক অ্যান্টোইন ফুকুয়ার ‘মাইকেল’ বায়োপিকে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর।

বিশ্বজুড়ে এক বিলিয়ন ডলারের বেশি আয় করা ‘মাইকেল’-এর সাফল্যের পর হলিউডের একাধিক প্রস্তাব পেয়েছিলেন জাফর। শেষ পর্যন্ত নিজের দ্বিতীয় চলচ্চিত্র হিসেবে ‘সুপারম্যাক্স’-কেই বেছে নিয়েছেন এই তরুণ শিল্পী।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ