জামিনের পর আরও একটি হত্যা মামলায় আইভীকে গ্রেফতার দেখালো পুলিশ
পুলিশ সদ্য জামিন পাওয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে আরও একটি হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টিরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আদালতের নির্দেশে আইভীকে গ্রেফতার দেখানো হয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই চিটাগাংরোড এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের নিচে অগ্নিদগ্ধ হয়ে নিহত হন সেলিম মণ্ডল। এ ঘটনায় ২০২৫ সালের ৩০ জুন কৃষক ওয়াজেদ আলী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করছেন থানার উপপরিদর্শক (এসআই) মাছুম বিল্লাহ। তদন্তে আইভীর সম্পৃক্ততার অভিযোগ তুলে তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
এর আগে গত বৃহস্পতিবার হাইকোর্ট তাকে পাঁচটি মামলায় জামিন দেন। এসব মামলার মধ্যে রয়েছে—ফতুল্লা থানায় বাসচালক আবুল হোসেন মিজি, আব্দুর রহমান, মো. ইয়াছিন ও পারভেজ হত্যার মামলা এবং সদর মডেল থানার হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলা।
উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়। পরে বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। একই বছরের নভেম্বরেও তিনি পাঁচ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও আপিল বিভাগে তা স্থগিত হয়। পরবর্তীতে আরও কয়েকটি মামলায় তাকে পুনরায় গ্রেফতার দেখানো হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে