বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আইভরি কোস্টের কাছে হারল ফ্রান্স, স্পেনকে রুখে দিল ইরাক
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বড় ধরনের ধাক্কা খেয়েছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি ফ্রান্স ও স্পেন। বৃহস্পতিবার (৪ জুন) রাতে অনুষ্ঠিত দুটি প্রস্তুতি ম্যাচে আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হারে ফ্রান্স। অন্যদিকে ইরাকের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে স্পেন।
ম্যাচের প্রথমার্ধে তরুণ মিডফিল্ডার রায়ান চেরকির গোলে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল ফ্রান্স। প্রথমার্ধের ৪৫ মিনিট বল দখল ও আক্রমণে ফরাসিরাই আধিপত্য বিস্তার করে।
তবে দ্বিতীয়ার্ধে তাদের সব রণকৌশল ভেস্তে যায়। ফ্রান্সের রক্ষণভাগের একের পর এক ভুলের পূর্ণ সুযোগ নেয় আইভরি কোস্ট। ম্যাচের ৫৩ মিনিটে নিকোলাস পেপের পাস থেকে গোল করে আইভরি কোস্টকে সমতায় ফেরান গুয়েলা দুয়ে। এরপর গুয়েলা দুয়ের দুর্দান্ত এক আক্রমণ থেকে বল পেয়ে আইভরি কোস্টের জয়সূচক গোলটি করেন আমাদ দিয়ালো।
ম্যাচে এক গোল ও এক অ্যাসিস্ট করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন পিএসজি তারকা দেজিরে দুয়ের বড় ভাই গুয়েলা দুয়ে। এই জয়ের মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো ফ্রান্সকে হারানোর গৌরব অর্জন করল আইভরি কোস্ট। একই সঙ্গে ফরাসিদের টানা ৯ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ডেও ছেদ পড়ল।
বিশ্বকাপ মিশন শুরু করার আগে আগামী সোমবার উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ফ্রান্স।
এদিকে লা করুনিয়ার এস্তাদিও দে রিয়াজর স্টেডিয়ামে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে জয়ের মুখ দেখেনি ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনও। লড়াকু ইরাকের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে গিয়েছিল স্পেন, কিন্তু সেই লিড তারা ধরে রাখতে পারেনি।
দুর্দান্ত প্রতিরোধ গড়ে তুলে ম্যাচে সমতায় ফেরে ইরাক এবং শেষ পর্যন্ত তারা সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের রুখে দিতে সক্ষম হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে