Views Bangladesh Logo

বসতভিটা না থাকায় প্রাথমিকে শিক্ষক নিয়োগে বাদ পড়লেন ইবি শিক্ষার্থীর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মিশন আচার্য। তবে স্থায়ী ঠিকানায় নিজের নামে বসতভিটা না থাকায় শেষ পর্যন্ত নিয়োগ থেকে বাদ পড়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

মিশন আচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ঝিনাইদহ সদর উপজেলার কলাবাগান এলাকায় মায়ের কাছে বড় হয়েছেন তিনি।

মিশন জানান, তাঁর বাবা বহু বছর আগে পরিবার ছেড়ে চলে যান। এরপর থেকে তিনি মায়ের সঙ্গে ঝিনাইদহে ভাড়া বাসায় বসবাস করছেন। কলাবাগান এলাকাতেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা।

তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ১৮২ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। এর মধ্যে ১৮০ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। বাকি দুজনের একজনের বিরুদ্ধে মামলা থাকায় এবং অন্যজন তিনি হওয়ায় নিয়োগপত্র পাননি। উপজেলা পর্যায়ে তিনি ১৭তম স্থান অর্জন করেছিলেন বলেও জানান।

মিশনের দাবি, সরকারি চাকরির ক্ষেত্রে জমিজমা-সংক্রান্ত কাগজপত্র প্রয়োজন হতে পারে—এমন ধারণা থেকে তাঁর খালু গ্রামের বাড়ির এলাকায় তাঁর নামে দুই শতক জমি লিখে দেন। পুলিশ তদন্তের সময় তিনি ওই জমির দলিলও জমা দেন। তবে সেখানে কোনো বসতবাড়ি নেই এবং তিনি কখনো ওই জমিতে বসবাস করেননি।

মিশন আরও জানান, পুলিশের কাছে প্রথমে ভূমিহীন সনদের বিষয়ে জানতে চাইলে তাঁকে জমির দলিল জমা দিলেই হবে বলে জানানো হয়েছিল। সে অনুযায়ী তিনি দলিল জমা দেন। পরে স্থায়ী ঠিকানায় বসতভিটা না থাকায় তাঁকে নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানতে পারেন।

মিশন বলেন, তাঁর মা বাসাবাড়িতে কাজ করে তাঁকে বড় করেছেন এবং তাঁদের আর্থিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, আমার কি দোষ? ভাড়া বাসায় জন্মেছি, এটাই কি আমার দোষ? রাষ্ট্র আমার ভোট নিচ্ছে, আমাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, কিন্তু চাকরি দিচ্ছে না। মনে হচ্ছে, রাষ্ট্রের কাছে আমার মেধা ও পরিশ্রমের চেয়ে জমিজমার মূল্য বেশি।

এ বিষয়ে ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন গণমাধ্যমকে বলেন, মিশন আচার্যের নিয়োগের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা নিয়ে একটি জটিলতা দেখা দিয়েছে। বিষয়টি প্রাথমিক শিক্ষা অফিস থেকে লিখিতভাবে শিক্ষা অধিদপ্তরকে জানানো হয়েছে। আশা করা হচ্ছে, বিষয়টি সমাধান হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ