Views Bangladesh Logo

ইবির ৪৪ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৪ শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ১২ আগস্টের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মনজুরুল হকের সই করা অফিস আদেশে কমিটি গঠনের তথ্য জানানো হয়। পরে জনসংযোগ দপ্তরও বিষয়টি নিশ্চিত করে।

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এমতাজ হোসেনকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক মোস্তাফিজুর রহমান, অধ্যাপক রফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্যানেল আইনজীবী সাজ্জাত হোসেন এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন উপ-হিসাব পরিচালক ইসরাফুল হক।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ৪৪ শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ ওঠে। সেই অভিযোগের সত্যতা যাচাই, সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করা, করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিকে।

এ ছাড়া অভিযোগ অনুযায়ী, বিগত সরকারের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন এবং আন্দোলনকারীদের হুমকি দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষকদের কোনো ভূমিকা ছিল কি না, তাও তদন্তের আওতায় আনা হয়েছে।

এর আগে গত বছরের ৩০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় জুলাই গণ-অভ্যুত্থানবিরোধী ভূমিকার অভিযোগে ১৯ শিক্ষক, ১১ কর্মকর্তা ও ৩৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে সাময়িক বরখাস্ত হওয়া ১৯ শিক্ষক ও ১১ কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ