Views Bangladesh Logo

ইত্যাদি এবার জামালপুরে, থাকছে যেসব চমক

দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে নকশিকাঁথার জেলা জামালপুরে। জেলার লোকজ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পুরাকীর্তি, পর্যটন এবং প্রত্যন্ত অঞ্চলের নানা বৈচিত্র্য তুলে ধরতেই এবার ক্যামেরা বসেছে জামালপুরে।

দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে ‘ইত্যাদি’র পর্ব ধারণের ধারাবাহিকতায় এবারের আয়োজন করা হয়েছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত লাউচাপড়া অবসর বিনোদনকেন্দ্রের উন্মুক্ত চত্বরে।

এবারের পর্বে থাকছে দুটি ভিন্ন ধরনের গান। এর একটি গেয়েছেন পান্থ কানাই ও তসিবা বেগম। অন্যটি জামালপুরের জেলা পরিচিতিমূলক নৃত্যগীত। গানটিতে দ্বৈতকণ্ঠ দিয়েছেন মিজান মাহমুদ রাজীব ও সিঁথি সাহা। এর সঙ্গে নৃত্য পরিবেশনায় অংশ নিয়েছেন স্থানীয় বাঙালি ও গারো শিল্পীরা।

নিয়মিত আয়োজনের পাশাপাশি এবারের পর্বে থাকছে বেশ কিছু তথ্যবহুল ও হৃদয়স্পর্শী প্রতিবেদন। বিদেশি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির অপূর্ব সমন্বয়ে গড়ে ওঠা চীনের নয়নাভিরাম সুঝৌ শহরের চিত্র।

এ ছাড়া থাকছে কাশেম টিভির রিপোর্টার ও তার নাতির প্রাণবন্ত আলাপ। সামাজিক অসংগতি ও সমসাময়িক নানা প্রসঙ্গ নিয়ে থাকছে তীক্ষ্ণ ও তির্যক নাট্যাংশ। এতে অভিনয় করেছেন সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, আবদুল্লাহ রানা, আব্দুল আজিজ, জিল্লুর রহমান, আমিন আজাদ, আনন্দ খালেদ, মুকিত জাকারিয়া, সুমন পাটোয়ারী, আনোয়ার শাহী, তারিক স্বপন, সুজাত শিমুল, আবু হেনা রনি, সুবর্ণা মজুমদার ও সাবরিনা নিসাসহ অনেকে।

‘ইত্যাদি’র রচনা, পরিচালনা ও উপস্থাপনায় রয়েছেন হানিফ সংকেত। আগামী ২৫ সেপ্টেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে জামালপুরে ধারণ করা এবারের পর্ব।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ