ইরানের বদলে বিশ্বকাপে খেলার প্রস্তাব প্রত্যাখ্যান করল ইতালি
ইরানকে বাদ দিয়ে ২০২৬ বিশ্বকাপে ইতালিকে অন্তর্ভুক্ত করার মার্কিন প্রস্তাবকে ‘অপমানজনক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে দেশটির সরকারের শীর্ষ পর্যায়ের মন্ত্রী ও ক্রীড়া কর্মকর্তারা।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিশেষ দূত পাওলো জামপোল্লি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ট্রাম্পের কাছে এই বিতর্কিত প্রস্তাবটি উত্থাপন করেন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চিত হতে পারে—এমন অজুহাতে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে বিকল্প হিসেবে রাখার কথা বলেন তিনি। যদিও পরে জামপোল্লি এটিকে তার ‘ব্যক্তিগত স্বপ্ন’ এবং এটি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং জরুরি পরিস্থিতির জন্য একটি বিকল্প পরিকল্পনা ছিল বলে দাবি করেন।
তবে এই প্রস্তাব ইতালিতে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। ইতালির ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদি একে ‘অযৌক্তিক ও অসম্ভব’ আখ্যা দিয়ে বলেন, যোগ্যতা অর্জন ছাড়া বিশ্বকাপে ইতালির খেলার কোনো প্রশ্নই ওঠে না।
একই সুর শোনা গেছে ইতালীয় অলিম্পিক কমিটির সভাপতি লুসিয়ানো বুয়োনফিওলিও’র কণ্ঠেও। তিনি প্রস্তাবটিকে ‘অপমানজনক’ অভিহিত করে বলেন, “বিশ্বকাপের টিকিট কেবল ক্রীড়া যোগ্যতার ভিত্তিতেই নিশ্চিত করতে হয়।” এছাড়া দেশটির অর্থমন্ত্রী জিয়ানকার্লো জিওরজেত্তি এই প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে উল্লেখ করেছেন।
উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপের বাছাইপ্রক্রিয়ায় কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নির্ধারিত কাঠামো অনুযায়ী টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি অব্যাহত রেখেছে সংস্থাটি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে