ইতালিতে স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন নির্দেশনা
ইতালিতে উচ্চশিক্ষা প্রত্যাশীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ঢাকার ইতালি দূতাবাস। সোমবার (১ জুন) ঢাকায় দেশটির ভিসা প্রক্রিয়াকারী প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল এই নির্দেশনার কথা জানায়। এতে ভাষা দক্ষতা, স্পনসর এবং প্রয়োজনীয় কাগজপত্রের বিষয়গুলো স্পষ্ট করা হয়েছে।
অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পোর্টালে নিবন্ধিত শিক্ষার্থীদের সঙ্গে ভিএফএস গ্লোবাল ই-মেইলে যোগাযোগ করে আবেদন জমার তারিখ নির্ধারণ করবে। ফলে আলাদাভাবে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে হবে না। বিশ্ববিদ্যালয় নিবন্ধনে ব্যবহৃত ই-মেইল ঠিকানায়ই যোগাযোগ করা হবে।
স্পনসরের ক্ষেত্রে নতুন সুযোগ দেওয়া হয়েছে। বাবা-মায়ের পাশাপাশি দাদা-দাদি, নানা-নানি, চাচা-ফুপু, মামা-খালা এবং কাজিনের আর্থিক গ্যারান্টিও এখন গ্রহণযোগ্য হবে। ইতালিতে বসবাসরত আত্মীয়রাও স্পনসর হতে পারবেন।
ভাষাগত দক্ষতার সার্টিফিকেট বাধ্যতামূলক। দূতাবাস কেবল বিশ্বব্যাপী স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় প্রদত্ত সার্টিফিকেট গ্রহণ করবে, যেখানে মৌখিক ও লিখিত বোধগম্যতা এবং কথা বলা ও লেখার দক্ষতা স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। এ ছাড়া আবেদনের সঙ্গে অধ্যয়নের সত্যতার প্রমাণ হিসেবে সিআইএমইএ অথবা ডিক্লেয়ারেশন অব ভ্যালু জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে দূতাবাস।
বিশ্ববিদ্যালয়ের প্রাক-তালিকাভুক্তির জন্য স্টুডেন্ট ভিসার আবেদন জমার শেষ তারিখ আগামী ২৯ অক্টোবর।

মতামত দিন