ইন্টার মিলান ও ইতালির কিংবদন্তি মাজ্জোলা আর নেই
ইন্টার মিলানের কালজয়ী ফুটবলার ও ইতালির কিংবদন্তি ফরোয়ার্ড সান্দ্রো মাজ্জোলা আর নেই। ৮৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ক্লাবটির হয়ে দীর্ঘ ১৭ বছর দাপিয়ে বেড়ানো এই ফুটবল মহানায়ক। শনিবার (১৯ সেপ্টেম্বর) ইন্টার মিলানের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
শৈশবেই ইন্টার মিলানের সঙ্গে যুক্ত হন মাজ্জোলা। একসময় দলটির মাসকটও ছিলেন। এরপর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উঠে আসেন যুব দল পেরিয়ে মূল দলে। ১৮ বছর বয়সে সিনিয়র দলের হয়ে অভিষেকের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।
খেলোয়াড়ি জীবনে ইন্টার মিলানের কালো-নীল জার্সিতে ৫৬৫টি ম্যাচে ১৫৮টি গোল করেন মাজ্জোলা। এই দীর্ঘ পথচলায় ক্লাবকে এনে দেন চারটি 'সিরি আ' এবং দুটি ইউরোপিয়ান কাপের শিরোপা। ক্লাবের পাশাপাশি জাতীয় দল ইতালির হয়েও ছিলেন উজ্জ্বল। ১৯৬৮ সালে ইতালির ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপের ফাইনালেও খেলেন তিনি। সেই বিশ্বকাপে রানার্সআপ হয় ইতালি।
সান্দ্রো মাজ্জোলার ইন্টার মিলানে উঠে আসার গল্পটি যেমন রোমাঞ্চকর, তেমনই বিয়োগান্তক। শৈশবেই ক্লাবটির মাসকট হিসেবে যুক্ত হওয়া মাজ্জোলা মাত্র ছয় বছর বয়সে এক ভয়াবহ শোকের মুখোমুখি হন। ১৯৪৯ সালে ‘সুপারগা বিমান দুর্ঘটনা’য় নিহত হন তার বাবা ভ্যালেন্তিনো মাজ্জোলা, যিনি নিজে ইতালীয় জাতীয় দল ও তোরিনোর কিংবদন্তি ফুটবলার ছিলেন।
পিতৃহীন মাজ্জোলাকে আগলে রেখে গড়ে তোলে ইন্টার মিলানই। যুব দল পেরিয়ে মাত্র ১৮ বছর বয়সে সিনিয়র দলে সুযোগ পান তিনি। অভিষেক ম্যাচটি ছিল একেবারে সিনেমার মতো—জুভেন্টাস সমর্থকদের হট্টগোলের কারণে পুনরায় আয়োজিত ম্যাচে ইন্টার তাদের যুব দলকে মাঠে নামায়। স্কুলের পরীক্ষা শেষ করে তুরিনে গিয়ে খেলায় অংশ নেওয়া মাজ্জোলার দল ৯-১ ব্যবধানে হারলেও ইন্টারের পক্ষে একমাত্র গোলটি করেছিলেন তিনিই।
সেই অভিষেকের পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ১৯৬৪ সালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ইউরোপিয়ান কাপের ফাইনালে ৩-১ ব্যবধানের জয়ে জোড়া গোল করে বিশ্বজুড়ে আলোড়ন তোলেন তিনি। পরের মৌসুমেও ক্লাবকে ইউরোপিয়ান শিরোপা জেতাতে মূল ভূমিকা রাখেন। তার হাত ধরেই ইউরোপের অন্যতম সেরা শক্তিতে পরিণত হয়েছিল ইন্টার মিলান।
১৯৭৭ সালে বুট জোড়া তুলে রাখার পরও ফুটবলের সঙ্গেই যুক্ত ছিলেন এই কিংবদন্তি। পরবর্তীতে তিনি ইন্টার মিলান এবং বাবার পুরোনো ক্লাব তোরিনোর স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্ব পালন করেন।
মাজ্জোলার মৃত্যুতে শোক জানিয়েছে ইন্টার মিলান। এক শোকবার্তায় ক্লাবটি জানিয়েছে, সান্দ্রো মাজ্জোলা কেবল নেরাজ্জুরিদের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারই নন, বরং তিনি নিজেই ইন্টার মিলানের ইতিহাসের অংশ। শৈশবে যে ক্লাবে এসেছিলেন, জীবনের বড় একটি অধ্যায় কেটেছে সেখানেই। ১৭ বছরের সেই সম্পর্ক শেষ হয়েছিল খেলোয়াড় হিসেবে, কিন্তু ইন্টারের সঙ্গে তার বন্ধন কখনো শেষ হয়নি।
মতামত দিন