Views Bangladesh Logo

৩০ আগস্ট ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

 VB  Desk

ভিবি ডেস্ক

দুদিনের সরকারি সফরে আগামী ৩০ আগস্ট ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এটিই হবে কোনো ইউরোপীয় দেশের প্রধানমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। এ সফরে বৈধ অভিবাসন ইস্যুতে আলোচনা অগ্রাধিকার পাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, ৩০ আগস্ট প্রধানমন্ত্রী মেলোনি ঢাকায় পৌঁছাবেন এবং ৩১ আগস্ট বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হবে। সফর উপলক্ষে রোববার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এই সফরের মাধ্যমে অভিবাসন সংক্রান্ত সহযোগিতা আরও জোরদার হতে পারে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উচ্চপর্যায়ের আলোচনা হবে।

উল্লেখ্য, জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকার অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে রাষ্ট্রীয় দায়িত্বে আসে। চলতি বছরের মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি ঢাকায় এলে, বাংলাদেশ ও ইতালির মধ্যে বৈধ ও সুশৃঙ্খল অভিবাসন নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, তখনই প্রধানমন্ত্রী মেলোনির সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে আলোচনা হয় এবং পরে ইতালি সরকার থেকে আনুষ্ঠানিক সম্মতি আসে। একই সময়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এক সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়।

উল্লেখযোগ্য যে, এটি হবে ইতালির কোনো প্রধানমন্ত্রী কর্তৃক বাংলাদেশে দ্বিতীয় সফর। এর আগে ১৯৯৮ সালে রোমানো প্রোদি ঢাকায় এসেছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ