ঢাকায় ইতালীয় নাগরিকের পাসপোর্ট-মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ২
ঢাকায় এক ইতালীয় নাগরিকের পাসপোর্ট, মোবাইল ফোন, নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী ছিনতাইয়ের ঘটনায় ১২ ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন রাইড-শেয়ারিং মোটরসাইকেল চালক রয়েছেন।
রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীর তুরাগ এলাকা থেকে ২৮ বছর বয়সী ‘উবার’ মোটরসাইকেল চালক খোরশেদ আলম এবং ২২ বছর বয়সী শাহিন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান জানান, ইতালির নাগরিক তানিয়া মোহাম্মদ শেখ নূর রোববার ভোর ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।
বিমানবন্দর থেকে তিনি উবার মোটরসাইকেল ভাড়া করে উত্তরা পশ্চিম থানার সেক্টর-১৯ এর হোস্টেলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। তবে চালক তাকে সেখানে না নিয়ে সেক্টর-১৫ এর মেট্রোরেল স্টেশন-১ এর কাছে একটি সেতুর কাছে নিয়ে যান।
পুলিশ জানায়, সেখানে আরেক সহযোগীর সহায়তায় চালক তাকে ভয় দেখিয়ে তার ইতালীয় পাসপোর্ট, আইফোন ১৩, আইফোন চার্জার, ম্যাকবুক চার্জার, ইতালীয় পরিচয়পত্র, ব্যাংক কার্ড, পারফিউম, ইতালীয় ভাষার একটি বই ও নগদ ৫০ ইউরো ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় তুরাগ থানায় একটি মামলা করা হয়।
পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় প্রধান অভিযুক্ত উবার চালক খোরশেদকে শনাক্ত করে। পরে তুরাগের পাকুরিয়া হাসুর বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে আরেক অভিযুক্ত শাহিন মিয়াকেও পাকুরিয়ায় এক বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, তারা একটি পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য, যারা উবার চালকের ছদ্মবেশে যাত্রীদের নির্জন স্থানে নিয়ে গিয়ে লুটপাট করে।
পুলিশ জানায়, ছিনতাইয়ের শিকার ইতালীয় নাগরিককে তুরাগ থানা ও ডিএমপির উত্তরা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহায়তা প্রদান করেন।
তানিয়া মোহাম্মদ শেখ নূর তার হারানো সম্পদ দ্রুত উদ্ধার হওয়ায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বাংলাদেশ পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে