গাজা শহর ঘিরে রাখার দাবি ইসরায়েলের
গাজা শহর ঘিরে রাখার দাবি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ)। তাদের লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে হামাসের সুড়ঙ্গ ও রকেট লঞ্চার। বিবিসি এক প্রতিবেদন সূত্রে এইতথ্য জানা যায়।
বেসামরিক হতাহতের সংখ্যা ‘সর্বনিম্ন রাখার’ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে আইডিএফ।
অন্যদিকে, দ্য গার্ডিয়ান শীর্ষ সামরিক কমান্ডারের বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েল বাহিনী গাজা শহরকে তিন দিক থেকে ঘিরে রেখেছে।
এক টেলিভিশন বিবৃতিতে আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি বলেছেন, ইসরায়েলি বাহিনী উত্তর গাজার কেন্দ্রস্থলে রয়েছে। গাজা শহরকে ঘিরে আক্রমণ করছে।
প্রেসিডেন্টে জো বাইডেনের ‘মানবিক বিরতি’র বার্তা নিয়ে শুক্রবার (৩ নভেম্বর) মধ্যপ্রাচ্যে আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এর মাঝেই গাজা ঘিরে রাখার ঘোষণা দিল তেল আবিব। এ সফরে ইসরায়েল ও জর্ডানে আলোচনায় যোগ দেবেন ব্লিংকেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে, গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় নয় হাজার ৬১ জন নিহত হয়েছেন। যাদের বেশির ভাগই নারী ও শিশু।
এদিকে, জাতিসংঘ বলেছে, ২৪ ঘণ্টার কম সময়ে গাজায় তাদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে জাবালিয়া শরণার্থী শিবিরে থাকা একটি স্কুলে অন্তত ২০ জন নিহত হয়েছেন।
বিচ শরণার্থী শিবির ও আল বুরেইজ শিবিরও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে কমপক্ষে তিন জন নিহত হয়েছেন।
গত বুধবার খোলা মিসর সীমান্তে রাফাহ ক্রসিং দিয়ে সীমিত সংখ্যক নাগরিক গাজা ত্যাগ করতে পেরেছেন। মিশরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল ২১ জন আহত ফিলিস্তিনি, ৩৪৪ জন বিদেশী পাসপোর্টধারী যাদের মধ্যে ৭৩ জন শিশু রাফাহ ক্রসিং পার করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে