Views Bangladesh Logo

লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণহানি ৪ হাজার ছাড়িয়েছে

 VB  Desk

ভিবি ডেস্ক

চলতি বছরের ২ মার্চ থেকে লেবাননে চালানো ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ৪ হাজার ৩৩৫ জন নিহত এবং ১২ হাজার ২৭৩ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর মাত্র চার দিন পর শুরু হওয়া এই সংঘাতেই ঘটে এত বিপুল প্রাণহানি।

জুন মাসে লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতি এখনো পুরোপুরি স্থিতিশীল হয়নি। সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকা এখনো দখলে রেখেছে ইসরায়েলি বাহিনী, আর মাঝেমধ্যেই বিভিন্ন গ্রামে চালানো হচ্ছে হামলা। এই দ্বিপাক্ষিক আলোচনায় সরাসরি কোনো পক্ষ নয় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, যদিও আলোচনার মূল বিষয়বস্তুই তাদের নিরস্ত্রীকরণ।

এদিকে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে চলতি সপ্তাহে। দক্ষিণ লেবাননে এক বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার খবর জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী—গত জুনে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটাই ইসরায়েলের প্রথম প্রাণহানি। আহত হয়েছেন আরও চারজন সেনা। মজদাল জৌন গ্রামে একটি স্থানে প্রবেশের সময় এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

এই উত্তেজনার মধ্যেই ইতালির রোমে লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে গত ২৬ জুনের চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। ওই চুক্তি অনুযায়ী ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের দখলকৃত এলাকা ছেড়ে দেবে এবং লেবানিজ সেনাবাহিনীর হাতে নিয়ন্ত্রণ তুলে দেবে, বিনিময়ে নিরস্ত্র হবে হিজবুল্লাহ। তবে মাঠপর্যায়ে উত্তেজনার কারণে বুধবারের আলোচনা মাঝপথেই শেষ হয়ে যায়।

শুক্রবার (৭ আগস্ট) লেবাননের এক কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন মধ্যস্থতায় হওয়া চুক্তির অধীনে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ যাচাই করতে কোন কোন দেশ সেনা পাঠাবে, তার একটি তালিকা তৈরিতে সম্মত হয়েছে লেবানন ও ইসরায়েল। এই তালিকা থেকে চূড়ান্তভাবে কোন দেশগুলো অংশ নেবে, তা নির্বাচন করবে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, হিজবুল্লাহ এখনো লিতানি নদীর উত্তরাঞ্চলে তাদের অস্ত্র সমর্পণে অস্বীকৃতি জানিয়ে আসছে, তাদের ভাষ্য—ইসরায়েলি আগ্রাসন ও দখলদারত্ব প্রতিরোধে এই সামরিক শক্তি অপরিহার্য। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি কতটা টেকসই হবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে সংশ্লিষ্ট মহলে।

সূত্র: মিডল ইস্ট আই, অ্যাসোসিয়েটেড প্রেস

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ