বিতর্কিত উদযাপনে লাল কার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার
গোল করে উদযাপনে মেতেছিলেন ইসরায়েলি ফুটবলার সাইদ আবু ফারখি। তবে তাঁর উদযাপনের ধরনই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায়। উয়েফা নেশন্স লিগে অস্ট্রিয়ার বিপক্ষে গোল করার পর কর্নার ফ্ল্যাগ তুলে বন্দুকের মতো ভঙ্গিতে উদযাপন করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ২০ বছর বয়সী এই ফরোয়ার্ডকে।
লিনৎসের রাইফাইসেন অ্যারেনায় ম্যাচের ৪৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে অস্ট্রিয়াকে এগিয়ে দেন রোমানো শ্মিড। বিরতির পর ৫৫তম মিনিটে দারুণ হেডে ইসরায়েলকে সমতায় ফেরান ফারখি।
গোলের পর দৌড়ে কর্নার ফ্ল্যাগের কাছে যান ফারখি। এরপর ফ্ল্যাগটি তুলে এর নিচের অংশ বন্দুকের মতো ধরে গুলি ছোড়ার ভঙ্গিতে উদযাপন করেন তিনি।
এর মাত্র চার মিনিট আগে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন ফারখি। উদযাপনের ঘটনায় তাঁকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান বুলগেরিয়ান রেফারি জর্জি কাবাকভ। ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ইসরায়েলি এই ফুটবলারকে।
১০ জনের ইসরায়েল এরপর আর ম্যাচে ফিরতে পারেনি। ৯০তম মিনিটে ফিলিপ মভেনে এবং যোগ করা সময়ে সাসা কালাইদজিচ গোল করলে ৩-১ ব্যবধানে জয় পায় অস্ট্রিয়া।
মতামত দিন