ইসরায়েলি হামলাকে খাটো করে দেখা উচিত হবে না: খামেনি
ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি বলেছেন, তার দেশে ইসরায়েলি হামলাকে অতিরঞ্জি বা খাটো করে দেখা উচিত হবে না।
খামেনি আরও বলেন, ইসরাইল ইরানের লক্ষ্যবস্তুতে হামলা করে 'ভুল করেছে'।
শনিবার (২৬ অক্টোবর) ভোরে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় ইসরায়েল। এ ঘটনার পরদিন(রবিবার) রাজধানী তেহরানে জনগণের উদ্দেশে তিনি এ কথা বলেন।
খামেনির ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতিতে তাকে উদ্ধৃত করে বলা গয়, ‘তারা (ইসরাইলিরা) অবশ্যই এটাকে (আক্রমণ) অতিরঞ্জিত করছে। তাদের অতিরঞ্জন ভুল ছিল। কিন্তু আমাদের জানা উচিত যে এটাকে খাটো করে দেখাটাও ভুল। এটা কিছুই ছিল না এবং গুরুত্বপূর্ণ হতে ব্যর্থ হয়েছে এমনটি বলাও ভুল।’
খামেনি বলেন, ইসরায়েলিরা ‘ইরানি জনগণ সম্পর্কে ভুল হিসাব করছে।’ ইরানের জনগণের শক্তি, সামর্থ্য, উদ্ভাবন ও সংকল্প সঠিকভাবে বুঝতে ব্যর্থ হয়েছে। আমাদের উচিত তাদের বোঝানো।
ইরানের এই সর্বোচ্চ নেতা বলেন, ইরানকে নিরাপদ করার একমাত্র উপায় হলো জাতীয় ক্ষমতা থাকা।
তিনি আরও বলেন, ‘আমাদের সমস্ত অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রতিরক্ষা, রাজনৈতিক, ব্যবস্থাপনা এবং অন্যান্য ক্ষেত্রে শক্তিশালী হওয়া উচিত এবং প্রতিদিনই আরও শক্তিশালী হওয়া উচিত।'
এদিকে গাজায় ইসরায়েলের ‘নৃশংস যুদ্ধাপরাধ’ এবং গাজা ও লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান মোকাবেলায় ব্যর্থ সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর নিন্দা করেন আলী খামেনি। সকল সরকারকে, বিশেষ করে মুসলিমদেরকে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
এর আগে গত ১ অক্টোবর ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আনুমানিক ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। পরে তেহরান এই হামলাকে আঞ্চলিক প্রতিরোধ গোষ্ঠীর বেশ কয়েকজন নেতার হত্যার প্রতিশোধ হিসেবে বর্ণনা করে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে