গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮১
গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৮১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে শুধু গাজা শহরেই ৫৩ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৬মে) ভোরে শুরু হওয়া এসব হামলায় ব্যাপক প্রাণহানি ঘটে বলে হাসপাতাল সূত্রে জানিয়েছে আলজাজিরা।
এদিকে, গাজা সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিরতির প্রস্তাব হামাস গ্রহণ করেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেলেও, হামাস ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষ থেকে পরস্পরবিরোধী বিবৃতি আসায় বিষয়টি এখনও অনিশ্চিত রয়ে গেছে।
গাজায় মানবিক পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, হাসপাতালগুলোতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে, ফলে অনেক আহত ব্যক্তি প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না।
ইসরায়েল একদিকে সামরিক অভিযান জোরদার করেছে, অন্যদিকে মানবিক সহায়তা পৌঁছানোর পথও রুদ্ধ করে রেখেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ৫৩ হাজার ৯৭৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১লক্ষ২২ হাজার ৯৬৬ জন আহত হয়েছেন। গাজা সরকারের গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, ধ্বংসস্তুপের নিচে আরও বহু মানুষ চাপা পড়ে আছেন এবং নিখোঁজ হিসেবে ধরা হচ্ছে, যার ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৬১ হাজার ৭০০ জনে পৌঁছেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে