আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় ৫ শতাধিক হামলা ইসরায়েলের
সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বাশার আল-আসাদের সরকার পতনের পর ইসরায়েল এই হামলার মাত্রা আরও জোরদার করেছে। যুক্তরাজ্যভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আসাদ সরকার পতনের পর থেকে সিরিয়ায় ৫ শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল।
সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, তারতাসের বিভিন্ন সামরিক স্থাপনায় ইসরায়েল হামলা চালিয়েছে। হামলায় ক্ষেপণাস্ত্র অস্ত্রের গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ ছাড়া হামলা চালানো হয় লাতাকিয়ার রাডার স্থাপনা, দেইর আজোরের সামরিক ক্যাম্প ও বিমানবন্দরেও।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, গত ৪৮ ঘণ্টায় তারা সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনায় প্রায় ৪৮০টি বিমান হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল রাজধানী দামেস্ক, হোমস, পালমিরা, তারতাসসহ বিভিন্ন শহরের যুদ্ধজাহাজ, বিমানঘাঁটি, অস্ত্র উৎপাদন কারখানা ও অস্ত্রাগার।
সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতা আবু মোহাম্মদ আল-জোলানি জানিয়েছেন, বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার রাসায়নিক অস্ত্রের স্থান ও স্থাপনাগুলো সুরক্ষিত করা হবে। একই সঙ্গে তিনি বাশার সরকারের নিরাপত্তা বাহিনী ভেঙে দেয়ার প্রতিশ্রুতি দেন।
আল-জোলানি আরও জানান, সিরিয়ার সবচেয়ে ‘কুখ্যাত’ কারাগারগুলোও বন্ধ করে দেয়া হবে।
সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, গত রোববার থেকে সিরিয়ার ১৩টি প্রদেশে ইসরায়েলি হামলার তথ্য নথিভুক্ত করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে