Views Bangladesh Logo

আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ইসরায়েল ফুটবল সংস্থার আহ্বান

Sports Desk

ক্রীড়া ডেস্ক

উয়েফা নেশন্স লিগে ইসরায়েলের মুখোমুখি হওয়ার আগে আয়ারল্যান্ড ফুটবল দলে তৈরি হওয়া অভ্যন্তরীণ বিভেদ নিয়ে মুখ খুলেছে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন। ফিলিস্তিনে হামলা ও বেসামরিক নাগরিক হত্যার প্রতিবাদে ইসরায়েলের বিপক্ষে খেলতে আপত্তি জানিয়েছিলেন আইরিশ ফুটবলারদের একাংশ। তবে শেষ পর্যন্ত দলের খেলোয়াড়দের ভোটাভুটিতে ম্যাচটি খেলার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। এই সিদ্ধান্তের প্রেক্ষাপটে ফুটবল ও রাজনীতিকে আলাদা রাখার ওপর জোর দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন তাদের সংবাদ সম্মেলনের শুরুতে এক বিবৃতিতে জানিয়েছে, ‘আজ যে বিষয়টি আমাদের সবচেয়ে বেশি আনন্দ দিচ্ছে, তা হলো– ফুটবল জয়ী হয়েছে। ফুটবল ও রাজনীতির মধ্যে যে বিভাজন, তা অবশ্যই বজায় রাখতে হবে। অন্য যেকোনো পদ্ধতি বিশৃঙ্খলা ডেকে আনবে এবং একটি বিপজ্জনক পিচ্ছিল ঢাল বেয়ে এমন পরিস্থিতির দিকে নিয়ে যাবে, যার পরিণতি হতে পারে আমাদের পছন্দের খেলাটির জন্য ভয়াবহ।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড (এফএআই) এবং জাতীয় দলের খেলোয়াড়েরা বিষয়টি (খেলার পক্ষে সিদ্ধান্ত) স্বীকার করে সঠিক কাজটি করেছেন। যদিও তাদের এটি করতে যতটা সময় নেওয়া উচিত ছিল, তার চেয়ে বেশি সময় লেগেছে। তবু দেরিতে হলেও ভালো।’

রবিবার রাত ১২টা ৪৫ মিনিটে হাঙ্গেরির নিরপেক্ষ ভেন্যুতে নেশন্স লিগের ম্যাচটিতে মুখোমুখি হচ্ছে দুই দল। মূলত গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের অন্যতম কঠোর সমালোচক আয়ারল্যান্ড। দেশটিতে ইসরায়েলের বিরুদ্ধে একাধিক বিক্ষোভ হওয়ার পাশাপাশি প্রথমে এক আইরিশ ফুটবলার ম্যাচটি বয়কটের ঘোষণা দেন। পরবর্তীতে আইরিশ দল তাদের ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলন ও অনুশীলন স্থগিত করলে বিতর্ক নতুন রূপ নেয়।

অবশ্য এর আগেই আয়ারল্যান্ডের ফুটবল সংস্থা এফএআই ইসরায়েলকে ইউরোপীয় প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করতে উয়েফার কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছিল। তবে টুর্নামেন্টের বাধ্যবাধকতা রক্ষায় পরবর্তীতে সংস্থাটি ইসরায়েলের বিপক্ষে নির্ধারিত ম্যাচগুলোতে অংশ নেওয়ার পক্ষে একটি প্রস্তাব অনুমোদন করে। এফএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড কাউরেল স্পষ্ট জানান, আয়ারল্যান্ডের খেলোয়াড়রা এই ম্যাচ ঘিরে আর কোনো সংবাদ সম্মেলনে অংশ নেবেন না এবং মাঠের লড়াইয়ের আগে ইসরায়েলি ফুটবলারদের সঙ্গে হাত মেলানো থেকে বিরত থাকবেন।

আইরিশদের এমন অবস্থানের বিপরীতে ইসরায়েলি ফুটবল অ্যাসোসিয়েশন তাদের বক্তব্যে আশা প্রকাশ করে বলে, ‘পতাকা উত্তোলন করা হবে, জাতীয় সংগীত বাজানো হবে এবং দুই দলের খেলোয়াড় ও কোচরা একে অপরের সঙ্গে হাত মেলানো ও পারস্পরিক সম্মান প্রদর্শনের সুযোগ পাবেন।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ