লেবানন সীমান্তের ৫ শহরকে ‘সামরিক অঞ্চল’ ঘোষণা ইসরায়েলের
লেবাননের সীমান্ত এলাকার কাছে ৫টি শহরকে 'বদ্ধ সামরিক অঞ্চল' হিসেবে ঘোষণা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার এ ঘোষণা দেওয়া হয়। একইসঙ্গে এসব এলাকায় স্থল অভিযান বাড়ানোর ইঙ্গিতও দিয়েছে তারা।
এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, রোশ হানিক্রা, শ্লোমি, হানিতা, আদামিত ও আরব আল-আরমশে এলাকায় 'পরিস্থিতিগত মূল্যায়নের' পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, স্থানীয় সময় সোমবার রাত ১০টা থেকে এসব এলাকায় প্রবেশ নিষিদ্ধ থাকবে।
এর আগে লেবাননের বেসামরিক নাগরিকদের সিডনের উত্তরে আওয়ালি নদী এবং রোশ হানিক্রার মধ্যবর্তী উপকূলীয় অঞ্চল ছেড়ে যাওয়ার আহ্বান জানান সামরিক বাহিনীর মুখপাত্র আভিচাই আদ্রেই। তারপরই এই ঘোষণা এলো।
গত ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর সঙ্গে চলমান উত্তেজনার জের ধরে লেবাননে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, এতে এক হাজার ২৫১ জন নিহত, ৩ হাজার ৬১৮ জন আহত এবং ১২ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে