এবার গির্জায় ইসরায়েলি বোমা হামলায় নিহত অন্তত ৮
গাজা শহরে একটি গ্রিক গির্জায় ইসরায়েলি বোমা হামলায় এখন পর্যন্ত ৮ জন নিহত হয়েছেন। আহত আরও অনেকে। নিহত ও আহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা।
ওয়াফা জানিয়েছে, গাজার আল-জায়তুন এলাকায় সেন্ট পোরফিরিয়াস চার্চে হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
ওয়াফা সূত্রে আরও জানা গেছে, বোমা হামলায় কাউন্সিল অব চার্চ স্টুয়ার্ডস ভবন সম্পূর্ণ ধসে পড়ে। এ গির্জায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের পাশাপাশি মুসলিম ফিলিস্তিনিরাও আশ্রয় নিয়েছিলেন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (টুইটার)-এ আল জাজিরা আরবি'র পোস্ট করা একটি ভিডিও ক্লিপে দেখা যায়, দুইজন আহত ব্যক্তিকে গাজার একটি চিকিৎসা কেন্দ্রে একটি অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হচ্ছে।
গাজায় ইসরায়েলের বোমা বর্ষণে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩০৭ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এ নিয়ে গাজা উপত্যকায় মৃতের সংখ্যা ৩,৭৮৫ জনে এসে দাঁড়াল। যাদের মধ্যে রয়েছে কমপক্ষে ১৫২৪ শিশু।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে