বৈরুতের কেন্দ্রস্থলে ইসরায়েলি বোমা হামলায় নিহত অন্তত ছয়জন
লেবাননের মধ্য বৈরুতে বোমা হামলা চালিয়ে কমপক্ষে ছয়জনকে হত্যা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। আহত আরো সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর কথা জানিয়েছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা।
বাচৌরা কেন্দ্রীয় জেলায় পার্লামেন্টের কাছের একটি ভবনকে লক্ষ্য করে বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোরে ওই হামলা চালায় ইসরায়েলি সেনারা। বৈরুতে সুনির্দিষ্ট এ বিমান হামলার মাধ্যমে লেবাননের রাজধানীর কেন্দ্রস্থলে সবচেয়ে কাছাকাছি পৌঁছে যাওয়ার দাবি করছে আইডিএফ।
সিএনএনও জানিয়েছে, ২০০৬ সালের পর থেকে বৈরুতের কেন্দ্রস্থলে এটিই ইসরায়েলের প্রথম হামলা।
রয়টার্স জানিয়েছে, বিশাল বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। লেবাননের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে প্রচারিত ছবিতে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত একটি ভবনের প্রথম তলায় আগুন লেগেছে।
তবে আগেরদিন বুধবার (২ অক্টোবর) লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের চোরাগোপ্তা হামলায় তাদের আট সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। যেটি ছিল দেশটির জন্য ইরান-সমর্থিত হিজবুল্লাহর সাথে সংঘর্ষের এক বছরের মধ্যেকার সবচেয়ে প্রাণঘাতি দিন।
তবে সেদিনই বৈরুতের দক্ষিণ শহরতলিতে এক ডজনেরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, তিনটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ উপশহর দাহিয়েহ-তে আঘাত হেনেছে, যেখানে গত সপ্তাহে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। সেখানে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
হামলা অব্যাহত রয়েছে বলে বৃহস্পতিবার এক্সবার্তায় জানান আইডিএফ মুখপাত্র আভিচায় আদ্রাই। লেবাননের গ্রামগুলোর বাসিন্দাদের বাড়ি-ঘর খালি করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফিরে না আসতেও অনুরোধ জানান তিনি।
তবে আভিচায় আদ্রাই বলছেন, মূলত সীমান্ত এলাকায় হিজবুল্লাহর টানেল ও অন্য অবকাঠামো ধ্বংসের জন্যই লেবাননে অনুপ্রবেশ করেছে তারা। বৈরুত বা উত্তর বা দক্ষিণের কোনো গুরুত্বপূর্ণ শহরে বড় ধরনের অভিযানের কোনো পরিকল্পনা তাদের নেই।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে