সেনা কর্মকর্তা-ডিজিএফআইয়ের ভুয়া পরিচয়ে প্রতারণার বিষয়ে আইএসপিআরের সতর্কতা
সেনা কর্মকর্তা ও ডিজিএফআইয়ের ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণার বিষয়ে সবাইকে সতর্ক করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আজ বৃহস্পতিবার এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি প্রতারক চক্র বাংলাদেশ সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের ব্রিগেডিয়ার জেনারেল ও লেফটেন্যান্ট কর্নেলসহ বিভিন্ন পদমর্যাদার সামরিক কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে মোবাইল ফোনে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে। সেনাবাহিনীর বিভিন্ন ওয়েবসাইট থেকে ইউনিফর্ম পরিহিত সেনাকর্মকর্তাদের ছবি সংগ্রহ করে হোয়াটসঅ্যাপের প্রোফাইলে ব্যবহার করে বিশ্বাস অর্জনের মাধ্যমে প্রতারণা চালানো হচ্ছে।
আইএসপিআর স্পষ্ট করে জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী বা কোনো গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে এ ধরনের কোনো যোগাযোগ করা হয় না। কেউ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয়ে ফোন বা বার্তায় ভয়ভীতি দেখালে বা অসদুপায়ে সুবিধা আদায়ের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির মোবাইল নম্বরসহ নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে। প্রতারক চক্রকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে