Views Bangladesh Logo

সিরিয়ায় সংঘাতের ফলশ্রুতিতে জর্ডানেও ইসলামপন্থি অভ্যুত্থান হতে পারে: ইসরায়েল

 VB  Desk

ভিবি ডেস্ক

সিরিয়ার বিদ্রোহীদের হাতে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার পতনের ঘটনা জর্ডানেও উগ্রপন্থীদের উৎসাহিত করতে পারে, যা দেশটির রাজা আব্দুল্লাহর শাসনব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলতে পারে। এমন শঙ্কা প্রকাশ করেছে ইসরায়েল।

রোববার (১৫ ডিসেম্বর) ইসরায়েলি গণমাধ্যম কান নিউজের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি জর্ডান সফর করেন ইসরায়েলি নিরাপত্তা বাহিনী শিন বেটের প্রধান রোনেন বার এবং আইডিএফের গোয়েন্দা বিভাগের প্রধান জেনারেল শ্লোমি বাইন্ডার। এছাড়া ইসরায়েলের মন্ত্রিসভায় এ বিষয়টি নিয়েও আলোচনা হয়।

আলোচনার মূল বিষয় ছিল সিরিয়ার সংঘাতের প্রভাব জর্ডানে ছড়িয়ে পড়ার আশঙ্কা। এজন্য জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তারা সতর্ক করেছেন, এমন কিছু ঘটলে তার প্রভাব ইসরায়েলেও পড়বে। কারণ জর্ডানের সঙ্গে ইসরায়েলের দীর্ঘ সীমান্ত রয়েছে।

এদিকে এই অঞ্চলে গণঅভ্যুত্থানের আগুন ছড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক করেছেন আরব লিগের কূটনীতিকরাও।
সোমবার সিরিয়ার চলমান পরিস্থিতি নিয়ে একটি বিশেষ আলোচনা আয়োজনের কথা রয়েছে।

এ ব্যাপারে এক আরব কূটনীতিক জানিয়েছেন, সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে মিসর, জর্ডানসহ আশপাশের দেশগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছে। সিরিয়ার বিদ্রোহে অন্যান্য দেশের ইসলামপন্থি আন্দোলন বেগবান হতে পারে।

তিনি বলেন, ‘সিরিয়ার বিরোধী পক্ষের মনোভাব আপাতত মধ্যমপন্থি মনে হলেও যে কোনো সময় তা উগ্রপন্থায় রূপ নিতে পারে।’

কূটনীতিক আরও বলেন, ‘বেশিরভাগ আরব দেশ আসাদের শাসনের সঙ্গে মানিয়ে নিয়েছিল এবং সিরিয়ার গৃহযুদ্ধ সত্ত্বেও দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল। তবে, ‘আরব বসন্ত’-এর প্রভাব এখনো পুরোপুরি ভুলে যায়নি তারা।’

এর আগে শনিবার সিরিয়ার একটি টিভি অনুষ্ঠানে দেশটির বিদ্রোহী দল হায়াত তাহরির আল-শামস (এইচটিএস)-এর নেতা আবু মোহাম্মদ আল-গোলানি বলেন, ‘বছরের পর বছর যুদ্ধ ও সংঘাতের কারণে সিরিয়া ক্লান্ত। নতুন করে কোনো সংঘাতে জড়ানোর মতো পরিস্থিতি নেই।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ