Views Bangladesh Logo

আওয়ামী লীগ ভেবে ইসলামী বক্তার গাড়িতে হামলা, ভাঙচুর

নেত্রকোণায় মাহফিল থেকে বাড়ি ফেরার পথে নওমুসলিম ইসলামী বক্তা ওয়াসেক বিল্লাহ নোমানীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী মনে করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তার গাড়ি থামানোর চেষ্টা করেন। গাড়ি না থামানোয় সেটিকে ধাওয়া করে হামলা চালানো হয়। পরে বিষয়টিকে ভুল-বোঝাবুঝি বলে দাবি করেছেন স্থানীয় বিএনপি নেতারা।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নেত্রকোণা শহরের চল্লিশা এলাকার বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, গাড়ির ভেতর থেকে নোমানী ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করে মানুষের সাহায্য চাইছেন। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘আমাদেরকে বাঁচান, আমাদেরকে ডাকাতে আক্রমণ করছে। আল্লাহ তুমি হেফাজত কর।’

নোমানীর সফরসঙ্গীদের বরাত দিয়ে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা আব্দুল কাইয়ুম জানান, ওয়াজ মাহফিল শেষে গভীর রাতে তারা একটি ফিলিং স্টেশন থেকে জ্বালানি নিয়ে পূর্বধলায় নিজেদের বাড়ির উদ্দেশে রওনা হন। চল্লিশা বাইপাস এলাকায় পৌঁছালে লাঠি হাতে কয়েকজন তাদের গাড়ি থামানোর চেষ্টা করেন।

তাদের ডাকাত সন্দেহ করে নোমানী গাড়ি না থামিয়ে সামনে এগিয়ে যাওয়ার নির্দেশ দেন। পরে মোটরসাইকেলে আরও কয়েকজন গাড়িটির পিছু নিয়ে হামলা চালান। পরিস্থিতি খারাপের দিকে গেলে নোমানী গাড়ি ঘুরিয়ে থানার দিকে রওনা হন। তবে পথেও হামলা অব্যাহত থাকে। হামলাকারীরা গাড়ির পেছনের কাচসহ বিভিন্ন অংশ ভাঙচুর করেন।

আব্দুল কাইয়ুম বলেন, থানায় পৌঁছানোর পর তারা জানতে পারেন, রাস্তায় পাহারার দায়িত্বে থাকা সরকারদলীয় লোকজন গাড়িটি থামানোর চেষ্টা করেছিলেন। গাড়ি না থামানোয় তারা ভেবেছিলেন, এতে আওয়ামী লীগের লোকজন রয়েছেন। এই ভুল ধারণা থেকেই হামলার ঘটনা ঘটে।

নেত্রকোণা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ঘটনাটি ভুল-বোঝাবুঝি থেকে ঘটেছে। বিষয়টি সংসদ সদস্য আনোয়ারুল হককে জানানো হয়েছে। তিনি উভয় পক্ষের সঙ্গে কথা বলেছেন। এটি কোনো ডাকাতির ঘটনা নয়।

নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. আনোয়ারুল হক বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সম্প্রতি গুপ্ত হামলা, অগ্নিসংযোগ ও নাশকতা চালাতে পারে—এমন আশঙ্কায় বিভিন্ন এলাকায় দলের নেতাকর্মীরা পাহারায় ছিলেন।

তিনি বলেন, গাড়িটি যাওয়ার সময় পাহারায় থাকা লোকজন থামার সংকেত দিয়েছিলেন। কিন্তু চালক গাড়ি না থামিয়ে দ্রুত গতিতে চলে যাওয়ায় তাদের ধারণা হয়, গাড়িতে আওয়ামী লীগের লোকজন রয়েছেন। এ কারণে তারা গাড়িটির পিছু নেন।

আনোয়ারুল হক বলেন, নোমানী গাড়ি থামালে এমন পরিস্থিতি তৈরি হতো না। তবে ঘটনার জন্য তারা তার কাছে দুঃখ প্রকাশ করেছেন। তিনি এটিকে ভুল-বোঝাবুঝি হিসেবে উল্লেখ করেন।

বিএনপির এই নেতা আরও বলেন, তাদের কোনো নেতাকর্মী নোমানী বা তার সফরসঙ্গীদের সঙ্গে অশালীন আচরণ করে থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ