Views Bangladesh Logo

ইসলামী ব্যাংকের কার্যক্রমে স্থিতিশীলতা ফেরাতে সতর্কবার্তা

দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তাদের কার্যক্রমে স্থিতিশীলতা বজায় রাখা এবং গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তা এবং অভ্যন্তরীণ ব্যবস্থাপনার বিভিন্ন উদ্যোগের ফলে ব্যাংকের আর্থিক কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে।

শনিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে কোনো ধরনের বাধা সৃষ্টি, বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

ব্যাংক সূত্র জানায়, গত কয়েক মাসে তারল্য সংকট, নানা গুজব এবং গ্রাহকদের মধ্যে অনিশ্চয়তার কারণে আমানত উত্তোলনের চাপ বৃদ্ধি পেয়েছিল। একপর্যায়ে বিপুল সংখ্যক গ্রাহক একযোগে অর্থ উত্তোলনে আগ্রহী হওয়ায় ব্যাংকের ওপর চাপ সৃষ্টি হয়। তবে বাংলাদেশ ব্যাংকের সহায়তা ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পদক্ষেপের কারণে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে দাবি করা হয়েছে।

ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হুসাইন বলেন, ব্যাংক ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে। গ্রাহকদের আস্থা বাড়ছে, নতুন আমানতও জমা পড়ছে। একই সঙ্গে আগের তুলনায় আমানত উত্তোলনের চাপও কমেছে।

তিনি আরও বলেন, কিছু অসাধু ব্যক্তি বা গোষ্ঠী যেন ব্যাংককে ঘিরে বিভ্রান্তি, গুজব বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়টি বিবেচনায় নিয়েই সতর্কতামূলক নোটিশ প্রকাশ করা হয়েছে। গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখাই এর মূল উদ্দেশ্য।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ