ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা বিশেষ সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক
তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সহায়তা প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে আমানত উত্তোলনের চাপ বেড়ে যাওয়ায় ব্যাংকটিতে নগদ অর্থের সংকট তীব্র আকার ধারণ করে। এ পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়েছিল ইসলামী ব্যাংক।
ঈদের পর ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে অস্থিরতা সৃষ্টি হলে অনেক গ্রাহক তাদের আমানত তুলে নিতে শুরু করেন। ফলে ব্যাংকটির নগদ অর্থের ওপর বাড়তি চাপ পড়ে এবং গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধে কিছু ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হতে হয়।
এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত নগদ জমা সংরক্ষণ হার (সিআরআর) বজায় রাখতেও ব্যর্থ হয় ব্যাংকটি। এমন পরিস্থিতিতে তারল্য স্বাভাবিক রাখতে বিশেষ সহায়তার উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক।
সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, প্রথম ধাপের এই ২ হাজার ৫০০ কোটি টাকার সহায়তা ব্যাংকটির স্বল্পমেয়াদি তারল্য সংকট কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাফা মুরশেদুল ইসলাম ইঙ্গিত দিয়েছিলেন যে, ইসলামী ব্যাংকের প্রয়োজনীয় তারল্য সহায়তা নিশ্চিত করা হবে এবং আমানতকারীদের অর্থ উত্তোলনে কোনো সমস্যা হবে না।

মতামত দিন