Views Bangladesh Logo

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ

ইসলামী ব্যাংকের প্রায় ৫০০ কোটি টাকা ঋণ অনিয়মের মাধ্যমে আত্মসাতের অভিযোগে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছে ইসলামী ব্যাংক।

সোমবার দুপুরে ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার সহকারী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসিন আলী ব্যাংকের পক্ষে দুদকে অভিযোগটি জমা দেন।

অভিযোগে বলা হয়েছে, সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের ঋণসীমা বাড়ানো এবং পরে সেই অর্থ উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে এই অনিয়মের অভিযোগ উঠেছে।

ইসলামী ব্যাংকের ভাষ্য, ২০১৭ সালে এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর সুপ্রভ কম্পোজিট নিটের ঋণসীমা ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়। ব্যাংকের দাবি, ঋণসীমা বাড়ানোর সময় প্রতিষ্ঠানটির আর্থিক সক্ষমতা, ব্যবসায়িক অবস্থা ও ঋণ পরিশোধের সামর্থ্য যথাযথভাবে যাচাই করা হয়নি।

পরবর্তী সময়ে বর্ধিত ঋণসীমার বিপরীতে অর্থ উত্তোলন করা হয়। ওই অর্থ অনিয়মের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেছে ব্যাংক। সুপ্রভ কম্পোজিট নিটকে অ্যাননটেক্স গ্রুপের ইউনুস বাদলের সহযোগী প্রতিষ্ঠান হিসেবেও উল্লেখ করা হয়েছে অভিযোগে।

ঋণসীমা বৃদ্ধি ও অনুমোদনের ক্ষেত্রে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের ভূমিকা ছিল বলে দাবি করেছে ইসলামী ব্যাংক। একই ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নামও অভিযোগে রাখা হয়েছে। ব্যাংকের দাবি, ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট ঋণ অনুমোদন প্রক্রিয়ার সঙ্গে তিনি যুক্ত ছিলেন।

অভিযোগে ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুনিরুল মাওলা, আবদুল হামিদ মিয়া ও মাহবুব উল আলমসহ আরও কয়েকজন কর্মকর্তা ও ব্যক্তির নাম রয়েছে। ঋণ অনুমোদন ও বিতরণের ক্ষেত্রে অনিয়ম করে সংশ্লিষ্ট ব্যক্তিরা আর্থিকভাবে লাভবান হয়েছেন বলেও অভিযোগ করেছে ব্যাংকটি।

ইসলামী ব্যাংক জানায়, ঋণসংক্রান্ত অনিয়ম খতিয়ে দেখতে চারটি নিরীক্ষা প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তাদের প্রতিবেদনে ঋণসীমা বৃদ্ধি, অনুমোদন ও অর্থ ছাড়ের বিভিন্ন পর্যায়ে অনিয়মের তথ্য উঠে এসেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঋণের অর্থ শেষ পর্যন্ত কোথায় এবং কী উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, তা তদন্তের জন্যও দুদকের কাছে অনুরোধ জানিয়েছে ব্যাংক। বিশেষ করে ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা যাচাই এবং অর্থ এমন কোনো খাতে ব্যবহৃত হয়েছে কি না, যা ব্যাংকের স্বার্থের পরিপন্থী—এসব বিষয় খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ