ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল, দায়িত্বে জহির হোসেন
দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডিরেক্টরস) সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় অর্পিত ক্ষমতাবলে ব্যাংকটির চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে। ব্যাংক-কোম্পানির স্বার্থ, আমানতকারীদের স্বার্থ এবং জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. জহির হোসেনকে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি পর্ষদের সব কার্যক্রম পরিচালনা করবেন।
কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যাংকটির সুশাসন নিশ্চিত করা, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং ব্যাংকিং কার্যক্রমে স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মতামত দিন