Views Bangladesh Logo

ইসলামী আন্দোলনের নেতা হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টার দিকে বন্দরের মদনপুর এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন।

অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রী ও পরিবহন শ্রমিকরা। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বিক্ষোভকারীরা মহাসড়কে টায়ার, বাঁশ ও কাঠে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় হামলার শিকার হন বুলবুল আহমেদ। একদল কিশোর গ্যাং সদস্য তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ উঠেছে। নিহত বুলবুল শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে।

বন্দর এলাকার সালেহনগর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। বুলবুল আহমেদ ইসলামী যুব আন্দোলনের বন্দর থানা পশ্চিম শাখার যুগ্ম সম্পাদক ছিলেন। তার হত্যার খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।

হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সংগঠনটির নেতাকর্মীরা। এদিকে অবরোধের কারণে সৃষ্ট যানজট নিরসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ