Views Bangladesh Logo

ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে সমর্থকদের টানা ১৫ দিনের অবস্থান কর্মসূচি অব্যাহত

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপি নেতা ইশরাক হোসেনকে আনুষ্ঠানিকভাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব দেয়ার দাবিতে তার সমর্থক এবং ডিএসসিসির একটি অংশের কর্মচারীরা নগর ভবনের সামনে টানা ১৫ দিন ধরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

বুধবার (২৯ মে) সকাল ১০টা থেকে ‘ঢাকাবাসী’ ব্যানারে ইশরাকের শতাধিক সমর্থক ও ডিএসসিসি কর্মচারী ইউনিয়নের সদস্যরা নগর ভবনের সামনে জড়ো হন। প্রধান ফটকে তালা লাগিয়ে তারা ভবনের ভেতরে মিছিল করেন। এর ফলে নগর ভবনের সকল কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

অবস্থান কর্মসূচির প্রধান সমন্বয়ক ও ডিএসসিসির সাবেক সচিব মশিউর রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত মেয়র ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দেয়া পর্যন্ত আমরা এই জায়গা ছাড়ব না।

তিনি আরও জানান, ইশরাক হোসেন শিগগিরই এই কর্মসূচিতে সরাসরি যোগ দেবেন।

প্রতিদিনের মতো আজও নগর ভবনের সামনের সড়কের একটি লেন অবরোধ করে রাখে ইশরাকের সমর্থকরা। যার ফলে গুলিস্তানের গোলাপ শাহ মাজার থেকে বঙ্গবাজার মোড় পর্যন্ত এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

এই আন্দোলন শুরু হয় গত ১৪ মে, যখন ইশরাকের শপথ গ্রহণের দাবিতে প্রথম বিক্ষোভ হয়। পরদিন (১৫ মে) নগর ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেয় ইশরাকের সমর্থকরা। যার ফলে ওই দিন থেকে ডিএসসিসির প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এরপর ২১ মে থেকে ডিএসসিসির একাধিক কর্মচারী ইউনিয়ন এই কর্মসূচিতে যোগ দিলে আন্দোলনের মাত্রা আরও বৃদ্ধি পায়।

এদিকে নগর ভবনের নাগরিক সেবা কার্যক্রম বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন। আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ