টানা চতুর্থ দিন অবরুদ্ধ নগর ভবন, অনড় ইশরাকের সমর্থকরা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেয়ার দাবিতে টানা চতুর্থ দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তার সমর্থকরা। রোববার (১৮ মে) সকাল ৯টা থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসা সমর্থকেরা নগর ভবনের ফটকে অবস্থান নেন এবং তালা ঝুলিয়ে দেন। ফলে ভবনের দাপ্তরিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।
বিক্ষোভকারীরা নগর ভবনের প্রধান ফটক ও সামনের সড়কে অবস্থান নিয়ে ইশরাককে মেয়র হিসেবে দায়িত্ব দেয়ার দাবির পাশাপাশি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধেও স্লোগান দিচ্ছেন।
গেন্ডারিয়া থেকে আসা এক যুবদল কর্মী বলেন, ‘সরকার ইশরাক হোসেনকে মেয়র বানাতে টালবাহানা করছে, আর এতে নেতৃত্ব দিচ্ছে উপদেষ্টা আসিফ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’
গত বুধবার থেকে ইশরাকের সমর্থকরা এই কর্মসূচি শুরু করেন। ওইদিন থেকেই ডিএসসিসি ভবনের স্বাভাবিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে। শনিবার তারা সচিবালয় অভিমুখে যাত্রা কর্মসূচিও পালন করেন এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন।
উল্লেখ্য, ডিসেম্বরে সচিবালয়ে আগুন লাগার পর থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দাপ্তরিক কাজ চলে ডিএসসিসি নগর ভবনে।
শনিবার স্থানীয় সরকার বিভাগে একটি চিঠি দিয়ে নিজেকে মেয়র হিসেবে শপথ করানোর ব্যবস্থা নিতে অনুরোধ জানান ইশরাক। পরে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন তিনি।
সেখানে এক প্রশ্নের জবাবে ইশরাক বলেন, ‘স্থানীয় সরকার উপদেষ্টা বা অন্য কোনো উপদেষ্টার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বিরোধ নেই, ব্যক্তিগত সম্পর্কও নেই।’
এদিকে অবস্থান কর্মসূচির কারণে রোববার সকাল থেকে ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীরা ভবনে প্রবেশ করতে পারেননি। হিসাব শাখার এক কর্মকর্তা বলেন, ‘প্রতিদিন অফিসে এসে আশেপাশে ঘুরি, দুপুরে আন্দোলনকারীরা চলে গেলেও গেট তালাবদ্ধ থাকায় ঢোকা যায় না।’
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, ‘অফিসে আসলেও ভবনে ঢুকতে পারছি না, কোনো ফাইল ওয়ার্ক হচ্ছে না।’
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস ইশরাককে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। তবে চলতি বছরের ২৭ মার্চ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল সেই ফলাফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে এবং ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। এখনো তার শপথ অনুষ্ঠিত হয়নি।
শপথ না হওয়ায় কোনো রাজনৈতিক দলকে দোষী মনে করেন? শনিবারের সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের তিনি বলেন, ‘আমি কোনো রাজনৈতিক দল বা কোনো একক ব্যক্তি বা সরকারকে দোষারোপ করছি না। আমরা এর সমাধান চাচ্ছি।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে