দুপুরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক হোসেন
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব ছাড়ার বিষয়ে আজ সোমবার চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে নিজের সিদ্ধান্তের কথা জানাবেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) সকালে নিজের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইশরাক এ কর্মসূচির কথা জানান। তবে সকাল পর্যন্ত তাঁর পদত্যাগের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার তথ্য পাওয়া যায়নি।
ফেসবুক পোস্টে ইশরাক জানান, প্রতিমন্ত্রীর পদে না থাকলেও মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত রাখবেন তিনি। এবার সংসদ সদস্য বা সরকারের প্রতিনিধি হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবে এ কাজে আরও বেশি সক্রিয় হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং প্রজন্ম দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে দেশের বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও উল্লেখ করেন।
পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়ার প্রসঙ্গও তুলে ধরেন ইশরাক। আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসীদের দেশে ফিরে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। তাঁর পোস্টে মাদক নির্মূলের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এর আগে রোববার রাতে ইশরাকের পদত্যাগ নিয়ে আলোচনা শুরু হয়। তবে তাঁর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পদত্যাগসংক্রান্ত খবরকে অসত্য ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করা হয়েছিল।
রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার পর থেকেই ইশরাককে ঘিরে বিতর্ক তৈরি হয়। গত শনিবার রেললাইনসংলগ্ন এলাকায় তাঁর ওই অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও পর্যবেক্ষণের কথা জানানো হয়।
এ ঘটনার পরদিন রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। সরকারসংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রকাশিত এসব প্রতিবেদনের মধ্যেই সোমবার নিজের পদত্যাগের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানালেন ইশরাক।
মতামত দিন