৪২ দিন পর অবরোধ তুলে নিলেন ইশরাকের সমর্থকরা
৪২ দিন বিক্ষোভের পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের অবরোধ পুরোপুরি তুলে নিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। ‘আমরা ঢাকাবাসী’ ব্যানারে ইশরাককে মেয়র হিসেবে আনুষ্ঠানিক শপথগ্রহণের দাবি জানিয়ে আসছিলেন বিক্ষোভকারীরা।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে ডিএসসিসির প্রশাসকের কার্যালয় পুনরায় খুলে দেয়া হয়। ফলে ১৪ মের পর থেকে প্রশাসক মো. শাহজাহান মিয়া প্রথমবারের মতো নগর ভবনে প্রবেশ করতে পারেন।
এর আগে সোমবার (২৩ জুন) ৩৯ দিন অবরোধের পর নগর ভবনের প্রধান ফটক খুলে দেয়া হয়। সেদিন থেকে ভেতরে অবস্থান নিয়ে ডিএসসিসির প্রশাসকের কার্যালয় তালাবদ্ধ করে রেখেছিলেন ইশরাকের অনুসারীরা।
১৪ মে থেকে অবস্থান কর্মসূচি পালনে নগর ভবনের সমস্ত প্রবেশপথ বন্ধ করে রেখেছিলেন সমর্থকরা। বিএনপির প্রয়াত নেতা ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ না করানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন বিক্ষোভকারীরা।
২০২০ সালের ১ ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে ডিএসসিসির মেয়র পদে বিজয়ী ঘোষণা করা হলে আদালতে ওই ফলাফল চ্যালেঞ্জ করেন বিএনপির প্রার্থী ইশরাক। ২৭ মার্চ ঢাকার নির্বাচন ট্রাইব্যুনাল ইশরাকের পক্ষে দেয়া রায়ে তাপসের জয় বাতিল এবং ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করেন। ২৭ এপ্রিল ইশরাককে মেয়র হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন।
তবে, ১৪ মে আইনি উদ্বেগ জানিয়ে শপথগ্রহণ বন্ধে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশীদ। এরপর স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথগ্রহণ স্থগিত করে। ২৯ মে শপথ বিষয়ক সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন বলে রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে