নগর ভবনের সামনে ইশরাকের সমর্থকদের অবস্থান কর্মসূচি অব্যাহত
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে নিয়োগ দেয়ার দাবিতে নগর ভবনের সামনে অবস্থান অব্যাহত রেখেছেন তার সমর্থকরা। “ঢাকাবাসী” ব্যানারে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন ইশরাকের অনুসারীরা।
বুধবার (১৫ জুন) সকাল থেকে ডিএসসিসির প্রধান কার্যালয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ইশরাকের সমর্থকরা। এরপর দুপুর ১টার দিকে চলমান বিক্ষোভের মধ্যে ইশরাক হোসেন নিজেও নগর ভবনে প্রবেশ করেন।
এদিকে গত কয়েকদিন ধরে ঢাকার নাগরিক পরিষেবা পুনরায় সচল করতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ইশরাক হোসেন। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত তিনি নিজে ডিএসসিসির কার্যক্রম তদারকি করবেন।
ইশরাক হোসেন বলেন, ‘শহরের মশা নিয়ন্ত্রণ কর্মসূচি দ্রুত এবং তা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমরা বিভিন্ন বিভাগের কর্মীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছি।’
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে ৩ মার্চ ভোটের ফল চ্যালেঞ্জ করে দুর্নীতি ও নির্বাচনি অনিয়মের অভিযোগ এনে মামলা করেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
এরপর ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৭ মার্চ ঢাকা নির্বাচনি ট্রাইব্যুনাল আগের নির্বাচনের ফল বাতিল করে এবং ডিএসসিসির প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করে।
নির্বাচন কমিশন ২৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করে ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করে। তবে তার শপথ গ্রহণ ঠেকাতে ১৪ মে একটি রিট আবেদন হাইকোর্টে দাখিল করা হয়। এরপর ১৫ মে থেকে তার সমর্থকরা তাকে দায়িত্ব হস্তান্তরের দাবিতে লাগাতার বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, যা ডিএসসিসি সদর দপ্তরকে কার্যত অচল করে দেয়।
তবে চলমান আইনি জটিলতার কারণ দেখিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় ইশরাকের শপথ গ্রহণ স্থগিত রাখে। একাধিক শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ রিট আবেদন খারিজ করে দেয়, যা ইশরাকের আনুষ্ঠানিক নিয়োগের পথকে উন্মুক্ত করে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে