Views Bangladesh Logo

আসিফ মাহমুদের পদত্যাগ দাবি ইশরাক হোসেনের

 VB  Desk

ভিবি ডেস্ক

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি অভিযোগ করেন, মিথ্যা তথ্য প্রকাশ করে জনগণকে বিভ্রান্ত করেছেন উপদেষ্টা, ফলে তিনি আর তার পদে থাকার নৈতিক অধিকার রাখেন না।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবনে সাংবাদিকদের উদ্দেশ্যে এক লিখিত বক্তব্য পাঠ করে এসব মন্তব্য করেন ইশরাক হোসেন।

তিনি বলেন, "আসিফ মাহমুদ দেশের জনগণের ম্যান্ডেটকে অবজ্ঞা করেছেন এবং শপথ ভঙ্গ করেছেন। শপথ ভঙ্গের দায়ে আমরা তার পদত্যাগ দাবি করছি।"

এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেন, ইশরাক হোসেনের শপথগ্রহণ বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় এবং গেজেটের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাকে শপথ পড়ানো সম্ভব হয়নি।

এ প্রসঙ্গে ইশরাক হোসেন পাল্টা মন্তব্য করে বলেন, "যদি উপদেষ্টার বক্তব্য সঠিক হয়, তাহলে ভবিষ্যতে কেউই আর নির্বাচিত হয়ে শপথ নেওয়ার সুযোগ পাবে না।"

তিনি আরও অভিযোগ করেন, একটি ষড়যন্ত্রমূলক চক্র, যাদের মধ্যে আসিফ মাহমুদের মতো ব্যক্তিরা রয়েছেন, পরিকল্পিতভাবে পরাজিত প্রার্থীদের ব্যবহার করে আদালতে রিট করিয়ে বিজয়ী প্রার্থীদের শপথগ্রহণ আটকে দিচ্ছেন।

ইশরাক আশঙ্কা প্রকাশ করে বলেন, “গেজেট প্রকাশের পর ৩০ দিনের মধ্যে যদি শপথ না করানো হয়, তাহলে গেজেটের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ভবিষ্যতে আর কোনো নির্বাচিত প্রতিনিধি শপথ নিতে পারবে না — এটিই তাদের উদ্দেশ্য।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ